বিদ্যুৎ-সংযোগের অপেক্ষায় সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সংযোগের আশায় সাত বছর ধরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ধরনা। অর্থও খরচ হয়েছে অনেক। কিন্তু এখনো মেলেনি সেই বিদ্যুৎ-সংযোগ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১১ হাজার আবেদনকারী বিদ্যুৎ-সংযোগের অপেক্ষায় রয়েছেন সাত বছর ধরে। এ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২।রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজউদ্দৌলা জানান, ইউনিয়নের মোহাম্মদপুর, খামারিপাড়া ও ঘাগড়া গ্রামের বাসিন্দারা এখনো বিদ্যুৎ পায়নি। এখানকার চার শতাধিক গ্রাহক বিদ্যুৎ-সংযোগের জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ বরাবরে আবেদন করেছেন। কিন্তু এখনো সংযোগ পাননি।গ্রাহকেরা জানান, সংযোগের জন্য আবেদন করতে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এরপর সংযোগের জন্য রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দিনের পর দিন ধরনা দিয়েও অনেক টাকার অপচয় হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের লাইন পরিদর্শক মুজিবর রহমান বলেন, ২০০৪ সালে রাঙ্গুনিয়ার তৎকালীন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দেন। সে লক্ষ্যে সমিতি গ্রামগুলোতে খুঁটি স্থাপন করে। কিন্তু লোডশেডিং বাড়তে পারে এ আশঙ্কায় পরে আর সংযোগ দেওয়া হয়নি। একই কারণে নতুন সংযোগ স্থগিত করে বর্তমান সরকারও। ফলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় তিন উপজেলার প্রায় ১১ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগের আবেদন লাল ফিতায় বন্দী হয়ে পড়ে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক এম সাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, রাউজান উপজেলার কালুমরার টেক এলাকায় ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। যেটির নির্মাণকাজ শেষ হলে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার ১১ হাজার আবেদনকারীর ঘরেও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। কমে যাবে লোডশেডিংও। সূত্র জানায়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় রাঙ্গুনিয়ায় ৪৪ হাজার, রাউজানে ৩৯ হাজার ও ফটিকছড়িতে ৬৪ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।