বিদ্যুৎ সঞ্চালন লাইন মরণফাঁদ!
রাঙ্গুনিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থাপিত বিদ্যুৎ সঞ্চালন লাইন মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। নানা কাজে ও চলাফেরায় এসব লাইনের তারে জড়িয়ে ঘটছে প্রাণহানির ঘটনা। অনুসন্ধানে জানা যায়, গত জানুয়ারি মাসে পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় রুমা আকতার (১৬) নামের এক গৃহপরিচারিকা পাকা ভবনের ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। মার্চ মাসে উপজেলার স্বনির্ভর ইউনিয়নের মজুমদারখীল গ্রামে ঘরের পাশ দিয়ে টানানো বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে ইউসুফ (৩১) নামের এক যুবক মারা যান। ২০১০ সালের মে মাসে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে মো. ফোরকান (২৮) মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রামে নির্মাণাধীন বাড়ির ছাদের কাজ করার সময় সঞ্চালন লাইনের তারে জড়িয়ে মারা যান। ২০০৮ সালের নভেম্বর মাসে দোভাষী বাজারের ব্যবসায়ী বিপ্লব দাশ (৩৫) দোকানের পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। এ ছাড়া বিভিন্ন গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে পঙ্গু হয়েছেন অনেকে। এভাবে বিদ্যুৎ সঞ্চালনের তারে জড়িয়ে দুর্ঘটনা ঘটলেও পল্লী বিদ্যুৎ সমিতিতে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। রাঙ্গুনিয়া উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আলী শাহ বলেন, ‘ঘরের ছাদে কিংবা গাছে ফল পাড়তে উঠে মানুষকে প্রায় দুর্ঘটনার মুখে পড়তে হয়। ঝড়বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে। এসব তারে জড়িয়ে মানুষ দুর্ঘটনার শিকার হয়।’ তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। অথচ এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো মাথাব্যথা নেই।’চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের লাইন পরিদর্শক মুজিবুর রহমান জানান, উপজেলার প্রায় ৭৬টি গ্রামে ৭৫০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। এসব বিদ্যুৎ সঞ্চালন লাইন দীর্ঘদিনের পুরোনো। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থাপিত লাইনের স্থলেই লাইন পুনঃস্থাপন করা হয়েছে। যার কারণে লাইনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন লাইন যাতে গাছের সংস্পর্শে না আসে, সে জন্য প্রতি মাসে গাছের ডালপালা কেটে দেওয়া হয়। তবুও ঝোড়ো হাওয়ায় ডালাপালা ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে মাটিতে বা ঘরের চালে পড়েও দুর্ঘটনা ঘটছে।’ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘জমির মালিকদের বাধার কারণে ঝুঁকিপূর্ণ হলেও অনেক সময় ঘরের পাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করতে হয়। এতে বিদ্যুতের তার গাছের সংস্পর্শেও চলে আসে। ঝুঁকিপূর্ণ এসব লাইন উঁচু খুঁটি দিয়ে ক্রমান্বয়ে ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে ঝুলে মৃত্যুর ঘটনায় কয়েকটি অপমৃত্যুর মামলা রয়েছে। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে মামলা না করায় এসব ঘটনার সঠিক তদন্ত হয় না।’