বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত তবু লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদুত্যের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কক্সবাজারের মহেশখালী উপজেলায় লোডশেডিং করছে পল্লি বিদ্যুৎ বিভাগ। ৩৩ হাজার ভোল্ট সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পল্লি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। ফলে এই এলাকার অন্তত ১৪ হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন।
মহেশখালী পল্লি বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে কক্সবাজার সদর গ্রিড থেকে প্রায় ১০০ কিলোমিটার বিদ্যুতের সরবরাহ লাইন নির্মাণ করা হয় মহেশখালীতে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনে।

তবে এই দীর্ঘ সরবরাহ লাইনে মাঝেমধ্যেই ত্রুটি দেখা দেয়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় মহেশখালীতে। বর্তমানে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে মহেশখালীতে।
পল্লি বিদ্যুৎ বিভাগ সূত্র আরও জানায়, উপজেলার একটি পৌরসভার ও আটটি ইউনিয়নের একশ ৭১টি গ্রামের মধ্যে একশ ৩৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগ রয়েছে। গ্রাহক সংখ্যা প্রায় ১৪ হাজার। তবে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সরবরাহ লাইন ও মহেশখালীর কেরুনতলীর সাবস্টেশনের ত্রুটির কারণে।

কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার বাসিন্দা নাছির উদ্দিন ও মোহাম্মদ আলম বলেন, শীতে বিদ্যুতের তেমন চাহিদা নেই। এর পরও দিনে ছয় ঘণ্টার বেশি লাডশেডিং হচ্ছে।
মহেশখালী পল্লী বিদ্যুৎ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আশরাফ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, চাহিদা অনুপাতে বরাদ্দ মিললেও সরবরাহ লাইনে ত্রুটি ও কম ভোল্টেজের কারণে সন্ধ্যার পর বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে। পাশের চকরিয়া উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রিড স্থাপন করা হলে এই সমস্যা দূর হবে। চকরিয়ায় গ্রিড স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।