রাউজানের নতুন একটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলছে। দ্বৈত জ্বালানির এই কেন্দ্রটি ফার্নেস ওয়েল ও গ্যাস দিয়ে চলবে। পৌনে দুই শ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। কর্তৃপক্ষের দাবি আগামী জুলাই মাসের মধ্যে এই কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন করা হবে। পল্লী বিদ্যুতায়ন কোম্পানি (আরপিসিএল) কেন্দ্রটি প্রতিষ্ঠা করছে। কেন্দ্র নির্মাণে দরপত্রের মাধ্যমে দায়িত্ব পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া থেকে দুই কিলোমিটার পূর্বের কালুমরার টেকে প্রায় চার একর জমিতে এই প্রকল্পের কাজ চলছে। আরপিসিএল সূত্রে জানা যায়, এই কেন্দ্র নির্মাণকাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় গত বছরের ৩০ মার্চ। কাজ সম্পূর্ণ করার সময়সীমা চলতি বছরের জুনের মধ্যে।কেন্দ্রের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ জিন্নাত আলী প্রথম আলোকে জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর কাজ জুনের মধ্যে শেষ হবে। জুলাই এর প্রথম দিকে কেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন চালানো যাবে। তিনি জানান, এই কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ফার্নেস ওয়েল ও গ্যাস। গ্যাস পেতে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের বরাবরে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্পটির উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর চুক্তির আওতায় ব্যবহার করবে চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২। বর্তমানে এই বিদ্যুৎ সমিতি রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলার প্রায় পৌনে দুই লাখ গ্রাহককে বিদ্যুৎসেবা দিচ্ছে।