বিদ্যুৎকেন্দ্রের নকশা পরিবর্তনের দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে জমির মালিকদের আপত্তির শুনানি হয়েছে গত বুধবার।
অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ১৬২ জন জমির মালিক উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পটির নকশা পরিবর্তন করে তা ধলঘাটার দক্ষিণে স্থাপন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় সরকার গত বছরের শুরুতে এক হাজার ২০০ মেগাওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ইতিমধ্যে কেন্দ্রের জন্য জায়গা নির্ধারণসহ মাঠপর্যায়ে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের জরিপকাজ শেষ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের স্থানীয় অবকাঠামো স্থাপনের জন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি ইউনিয়নের এক হাজার ৩৬৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে প্রথম দিকে স্থানীয় লোকজন তেমন প্রতিক্রিয়া না দেখালেও গত ১৩ আগস্ট জমি অধিগ্রহণের নোটিশ পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রকল্পটি বাতিলের দাবি জানান।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার ব্যাপারে ১৩ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ২৮৬ জন জমির মালিককে নোটিশ দেন। আমরা আপত্তি জানিয়ে বলেছি, ওই বিদ্যুৎকেন্দ্র এলাকার জনগণ চায় না।’
শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মিজবাহ উদ্দিন বলেন, শুনানিকালে জমির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের নকশা পরিবর্তন করে তা ধলঘাটার দক্ষিণে স্থাপন করার দাবি জানান।