বিদ্যুৎমন্ত্রীর কাছে জনৈক ট্রান্সফরমারের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় বিদ্যুৎমন্ত্রী,
সালাম নেবেন। পরসমাচার এই যে পত্রিকা মারফত জানতে পেরেছি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ আমি আমার ভাগের বিদ্যুৎ পাচ্ছি না। আমি নিশ্চিত, আমার ভাগটুকু পাশের পাড়ার এক মন্ত্রীর ট্রান্সফরমার খেয়ে ফেলছে। ওর গায়ে সারা দিন সারা রাত বিদ্যুৎ থাকে। অহংকারে তার কাছে কাকও ঘেঁষতে পারে না। ট্রান্সফরমার সমাজে সে এখন ভিআইপি। এদিকে আমি কিছুই পাচ্ছি না। আমার ওপর প্রতিদিন কাকেরা বসে থাকে, খোশগল্প করে। দুটি কাক প্রতি বিকেলে এসে প্রেমও করে যায়। ট্রান্সফরমার হিসেবে আমি কোনো পাত্তাই পাচ্ছি না কারও কাছে। একা একা অলস সময় কাটে। ঝড় আসে, বৃষ্টি আসে, রোদ আসে, কেবল বিদ্যুৎ আসে না। আমাকে বানানো হয়েছে সুষ্ঠুভাবে এদিক-ওদিক বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য। অথচ এদিক-ওদিক কী দেব, কাক তাড়ানোর বিদ্যুৎ পর্যন্ত পাচ্ছি না।
কাকগুলোও হয়েছে বেয়াদব, প্রেম করছে ভালো কথা, মানা করিনি। কিন্তু মাঝেমধ্যে ইয়ে করে আমার শরীর নষ্ট করে দেয়। তখন খুব মন খারাপ হয়। ইচ্ছা করে ব্লাস্ট হয়ে আত্মহত্যা করি। কিন্তু যখনই আত্মহত্যা করতে চাই, তখনই লোডশেডিং হয়। যার ফলে আত্মহত্যাও ঠিকমতো করতে পারছি না। ট্রান্সফরমার সমাজে আমি একটা শিক্ষিত বেকার অথর্ব ছাড়া কিছুই না।
জনাব, সবাই কাজে অবহেলা করলেও আমি করি না। ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুৎ নেই। তার মানে সুযোগ পেয়েও কেউ কেউ কাজ করছে না। অন্যদিকে আমাকে সুযোগই দেওয়া হচ্ছে না। আমাকে বিদ্যুৎ সাপ্লাই দিলে আর্তমানবতার সেবায় নিজেকে আজীবন নিয়োজিত রাখতে পারব। মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব আলো।
তাই আমাকে একটু বিদ্যুৎ দিন। নইলে আপনার বাড়ির পাশে যে ট্রান্সফরমার আছে, সেখানে বসিয়ে দিন। আমি বেকার থাকতে চাই না। আর যদি তা-ও না পারেন, একবার একটু বিদ্যুৎ দিন, খেয়ে ব্লাস্ট হয়ে মারা যাবই।
ইতি
আপনার একান্তই অনুগত
ট্রান্সফরমার
শেওড়াপাড়া, মিরপুর।