বিদ্যুৎসংকট: চাষিদের দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে সার কারখানায় গ্যাস দেওয়া হয়। এতে কৃষক সার পাচ্ছেন। কিন্তু বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে কৃষকেরা বিদ্যুৎসংকটে পড়েছেন। সেচযন্ত্র চালানোর জন্য চাহিদার মাত্র এক-চতুর্থাংশ বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেছেন, চলতি মৌসুমে অবস্থার উন্নতির কোনো সম্ভাবনা নেই। তাই সেচের অভাবে বোরোর আশানুরূপ ফলন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা।পল্লী বিদ্যুৎ সমিতি (আরইবি) চট্টগ্রাম এলাকার নির্বাহী প্রকৌশলী এ কে এম রাশেদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম এলাকায় চাষাবাদের জন্য বিদ্যুতের চাহিদা ১৭ মেগাওয়াট। কিন্তু বেশির ভাগ সময়ই চাহিদার মাত্র এক-চতুর্থাংশ পাওয়া যায়। এখান থেকে শিল্পকারখানায়ও যায়। তবে কৃষকের যাতে অসুবিধা না হয় সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা না হলে বোরো মৌসুমে আশানুরূপ উৎপাদন হবে না বলে জানান কৃষকেরা। রাঙ্গুনিয়ার গুমাই বিলের আবুল কাশেম ওরফে পাখি বলেন, ‘ধানে ছোট থোড় এসে গেছে। এখন পানি দিতে না পারলে থোড় বের হবে না, এটা আমাদের জন্য আত্মহত্যার মতো। আমরা সেচযন্ত্র চালানোর জন্য বিদ্যুৎ পাচ্ছি না। রাতে কয়েক দফা বিদ্যুৎ পাওয়া যায়, কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ আমরা পাচ্ছি না।’ জানা গেছে, বাজারে চালের দাম চড়া থাকায় বেশি মুনাফার লক্ষ্যে চলতি বোরো মৌসুমে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে বোরো চাষ হচ্ছে। সারের দাম অপেক্ষাকৃত কম হওয়ায় চাষিরাও সন্তুষ্ট ছিলেন। কিন্তু গরমের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে জমিতে সেচের চাহিদা বেড়ে গেছে। বেড়েছে আবাসিক এলাকায় বিদ্যুতের ব্যবহারও। ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা। জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যেসব এলাকায় বোরো চাষ হচ্ছে সেখানে বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়নি। ফলে আগের মতোই ভাগ (রেশনিং) করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। বোরো মৌসুমের জন্য কক্সবাজার এলাকায় ছয় মেগাওয়াট, উত্তর চট্টগ্রাম এলাকায় চার, পটিয়ায় ছয় এবং সীতাকুণ্ডে এক মেগাওয়াট চাহিদা রয়েছে। আরইবি কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে গ্রামাঞ্চলে বিদ্যুতের প্রবাহ কিছুটা বেশি ছিল বিশ্বকাপ ক্রিকেটের কারণে। আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। এ কারণে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে। এর সুফল কৃষক কিছুটা হলেও ভোগ করছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম এলাকার প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উৎপাদনে ঘাটতি থাকায় আমরা গ্রাহককে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারছি না। গ্যাস না পাওয়ায় চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্রগুলোও চালানো যাচ্ছে না। তবে আগামী এপ্রিলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে প্রধান সমস্যা হচ্ছে স্থানীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ ও জাতীয় গ্রিডের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া। চট্টগ্রামের চারটি প্রধান বিদ্যুৎকেন্দ্রের তিনটিই গ্যাসচালিত। এগুলো হচ্ছে—রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে তিনটি কেন্দ্রেই গ্যাস সরবরাহ বন্ধ। এগুলোর মোট উৎপাদনক্ষমতা ৬৩০ মেগাওয়াট। পুরো মাত্রায় গ্যাস সরবরাহ পেলে রাউজানে ৪২০, শিকলবাহায় ৬০ ও পিকিং পাওয়ার প্ল্যান্টে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্তু চট্টগ্রামে গ্যাসের সরবরাহ চাহিদার চেয়ে প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট কম। ঘাটতির কারণে এ বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্র জানায়, আগামী মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম ইউরিয়ার সারকারখানা (সিইউএফএল) বন্ধ করে সেই গ্যাস রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হতে পারে। তবে এখনো এ ব্যাপারে লিখিত নির্দেশ পাওয়া যায়নি। চট্টগ্রামে একমাত্র সচল কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট দিনে ও তিনটি ইউনিট রাতে চলে। কিন্তু কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় এখানে বিদ্যুতের উৎপাদনও কমে গেছে। এখান থেকে দিনে ২৫ মেগাওয়াট এবং রাতে ১১০-১১২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। পিডিবি সূত্রে জানা যায়, বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ছয় শ মেগাওয়াট। বর্তমানে স্থানীয় উৎপাদন ও জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলিয়ে বিদ্যুৎ পাওয়া যায় ৪০০ মেগাওয়াট। গতকাল বুধবার দিনের বেলা পিডিবি ও বেসরকারি কেন্দ্র মিলে স্থানীয় উৎপাদন ছিল ১০০ মেগাওয়াটেরও কম। এসময় জাতীয় গ্রিড থেকে গড়ে ২৬০-২৭০ মেগাওয়াট বিদ্যুৎ আসে। শিল্পকারখানাগুলো নিজেদের উদ্যোগে কিছু বিদ্যুৎ উৎপাদনের পর দিনে গড়ে ১৫০ মেগাওয়াট ঘাটতি থাকে। রাতে তা দ্বিগুণ হয়।