বিদ্যুৎসংযোগ পাচ্ছে না ১৩ হাজার আবেদনকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার ১৩ হাজার আবেদনকারী বিদ্যুৎসংযোগ পাচ্ছে না। তাঁদের বেশির ভাগের অবস্থান প্রত্যন্ত এলাকায়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ট্রান্সফরমারের ধারণক্ষমতার অজুহাতে সংযোগ বন্ধ রাখলেও তাঁদেরই যোগসাজশে পাশের মিটার থেকে সংযোগ নিয়ে অনেকে বিদ্যুৎ ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের লাইন পরিদর্শক দশরত সরকার জানান, সমিতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় আসার সময় রাঙ্গুনিয়ায় ১৫ হাজার গ্রাহক ছিল। ফলে পাড়া-মহল্লায় যেসব ট্রান্সফরমার বসানো হয়েছিল তা ১৫০ থেকে ২০০টি সংযোগ দেওয়ার মতো। যা পূরণ হয়ে প্রতিটি ট্রান্সফরমারের বিপরীতে ৩০০ থেকে ৩৫০টি সংযোগ দেওয়া হয়েছে। এদিকে ২০০৬ সাল পর্যন্ত অবাধে সংযোগ দেওয়া হলেও পরে তা কমিয়ে আনা হয়। এখন নতুন সংযোগ দিতে আরও বেশি ক্ষমতার ট্রান্সফরমার বসাতে হবে। উপজেলার চন্দ্রঘোনা বনগ্রামের গ্রাহক বদি আলম ও বেতাগীর ঢেমিরছড়া গ্রামের রফিকুল ইসলাম জানান, ট্রান্সফরমার ধারণক্ষমতার অজুহাতে নতুন সংযোগ না দিলেও পাশের বাড়ির মিটার থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে মিটারের প্রকৃত মালিক বিলের পাশপাশি আনুতোষিক খরচও আদায় করছেন। এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘পাশের মিটার থেকে নেওয়া কিছু সংযোগ থাকতে পারে। এ কারণেই ট্রান্সফরমার নষ্ট হচ্ছে। ফলে নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে অবৈধ সংযোগের সঙ্গে সমিতির কেউ জড়িত নন।’