বিদ্যুৎসংযোগের অপেক্ষায় ৪২ বছর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের চিম্বুক পাহাড়ে তাঁদের মাথার ওপর দিয়ে গেছে রুমা বিদ্যুৎ সঞ্চালন লাইন। আশপাশের সরকারি স্থাপনাগুলোতেও জ্বলে বাতি। শুধু বিদ্যুৎ নেই ম্রো ও খুমি আদিবাসীপাড়ায়। প্রদীপের নিচে অন্ধকারের মতো ৪২ বছর ধরে বিদ্যুৎবিহীন থেকে গেছে পাড়াগুলো। ম্রো ও খুমি নেতারা জানান, জেলার সাতটি উপজেলার দুর্গম এলাকায় ৩৫০টি ছোট-বড় পাড়ায় তাঁদের বসবাস । বান্দরবানে ম্রোদের সংখ্যা প্রায় ৪০ হাজার। খুমি রয়েছে প্রায় তিন হাজারের মতো। অথচ বিভিন্ন সময় সংযোগ পাওয়ার আবেদন করেও বিদ্যুৎ সরবরাহের আওতায় আসেননি তাঁরা। জেলা পরিষদের সাবেক সদস্য সিংয়ং ম্রো জানান, আশির দশকে ম্রো-অধ্যুষিত চিম্বুক পাহাড়ের ওপর দিয়ে রুমা উপজেলা ও চিম্বুক টাওয়ারে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার সময় তারাও বিদ্যুতের দাবি করেছিল। কিন্তু সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বান্দরবানের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ফরিদি বলেন, নানা সীমাবদ্ধতায় ছোট ছোট ম্রো পাড়ায় এত দিন বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। এবার প্রথম চিম্বুক পাহাড়ের কয়েকটি ম্রো পাড়ায় বিদ্যুৎ সরবরাহ লাইন টানার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বিউবো সূত্র জানায়, প্রথম পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের আওতায় গত মাসে চিম্বুক পাহাড়ের ম্রোলংপাড়া, ক্রামাদিপাড়া, চিনিপাড়া, জামিনিপাড়া, রামরিপাড়া, বাগানপাড়া, চিম্বুক হেডম্যানপাড়া, মংদুইপাড়া ও বাবুপাড়ায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি। এত দিন বিদ্যুৎসংযোগ না পাওয়া প্রসঙ্গে সিংয়ং ম্রো বলেন, পাড়ায় পাড়ায় বিদ্যুৎ সরবরাহ দেওয়ার মতো ট্রান্সফরমারের জন্য সরকারি বরাদ্দ নেই। বিউবোর প্রকৌশলীরা জানান, ম্রো ও খুমিরা দুর্গম এলাকায় ১৫ থেকে ২০ পরিবারের ছোট ছোট পাড়ায় বসবাস করেন। একটি থেকে আরেকটি পাড়ার দূরত্বও দুই থেকে পাঁচ কিলোমিটার। এ অবস্থায় ভর্তুকি দিয়েই বিদ্যুৎ দিতে হবে।