বিদ্যুৎ-সংযোগের অভাবে ছয় বছরেও চালু হয়নি পানি শোধনাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ–সংযোগ না পাওয়ায় নির্মাণের ছয় বছর পরও চালু হয়নি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পানি শোধনাগার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিদ্যুৎ –সংযোগের জন্য আবেদন করেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে সাড়া পায়নি। এতে পানি শোধনাগারের মোটর ও পাম্পসহ গুরুত্বপূর্ণ যন্ত্র নষ্ট হতে বসেছে।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দৈনিক দুই লাখ গ্যালন পানি শোধনের ক্ষমতাসম্পন্ন শোধনাগারটি উপজেলা সদরের পশ্চিম থানাপাড়া এলাকায় প্রায় এক কোটি টাকায় নির্মাণ করা হয়। ২০০৮ সালে এটির নির্মাণকাজ শেষ হলেও চালু হয়নি বিদ্যুৎ–সংযোগের অভাবে। পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শোধনাগারটি নির্মাণের আগে পিডিবির অনুমোদন নেওয়া হয়নি বলেই বিদ্যুৎ সংযোগ পেতে সমস্যা হচ্ছে।
দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ২০১১ সালের জুন মাসে শোধনাগারটির প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে। চালু না করায় বৈদ্যুতিক মটরগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অপর দিকে পিডিবির কর্মকর্তারা বলছেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে পিডিবির অনুমোদন নেওয়া উচিত ছিল। আইনগত সমস্যা থাকায় বিদ্যুৎ সংযোগ দিতে সমস্যা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ত্বরান্বিত প্রকল্পের আওতায় ৯৬ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগারের নির্মাণকাজ শুরু হয় ২০০৪ সালে। ২০০৮ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস ইঞ্জিনিয়ারিং শোধনাগারটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়। এরপর ছয় বছরেও এটি চালু হয়নি। শোধনাগারটি চালু করে উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা ছিল। এটি চালু হলে অন্তত ৫০০ গ্রাহক বিশুদ্ধ পানি পেত।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার জানান, বিদ্যুৎ সমস্যার কারণে শোধনাগারটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন পড়ে থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা দেওয়া হয়েছে, সংযোগ পেলেই পানি সরবরাহ করা হবে।
পিডিবির দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, পানি শোধনাগারটি নির্মাণের আগে পিডিবির অনুমোদন নেওয়া হয়নি। ফলে বিদ্যুৎ সংযোগ পেতে আইনগত সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হবে।
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকোমল চাকমা বলেন, পানি শোধনাগারটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে পরিষদের আগামী মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে।