দলের বিদ্রোহীদের কারণে চকরিয়ার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা—এমনটাই দাবি আওয়ামী লীগের নেতাদের। কারণ, বিদ্রোহী ও আওয়ামী লীগের প্রার্থীর ভোট যোগ করলে বিজয়ী প্রার্থীর চেয়ে বেশি হয়।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তৃতীয় দফায় ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ১২ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছয়টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী, দুটিতে বিএনপি, একটিতে লাঙ্গল ও দুটিতে জামায়াত–সমর্থিত প্রার্থীরা জিতেছেন।
দলীয় সূত্র জানায়, ১৯ এপ্রিল জেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় চকরিয়ার ছয় ইউপির সাত বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছিল। এরপরও বিদ্রোহীদের দমানো যায়নি। বরইতলী, বমু বিলছিড়, খুটাখালী ও কৈয়ারবিলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হেরেছেন বিদ্রোহীদের কারণে।
বরইতলী ইউপিতে দলের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৯৪ ভোট। দলের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী জালাল আহমদ সিকদার ৫ হাজার ৯৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। জিয়াউদ্দিন চৌধুরী হেরেছেন ৯৩৮ ভোটে। জিয়া উদ্দিন বলেন, ‘জেলা ও উপজেলার কিছু নেতা চক্রান্ত করে একপ্রকার জোর করেই আমাকে হারিয়ে দিয়েছেন।’
বমু বিলছড়ি ইউপিতে দলের প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন। তিনি পেয়েছেন ১ হাজার ২৫৫ ভোট। দলের বিদ্রোহী প্রার্থী কফিল উদ্দিন পেয়েছেন ৯০৩ ভোট। বিএনপির প্রার্থী আবদুল মতলব ১ হাজার ৮০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। কামাল উদ্দিন হেরেছেন ৫৫৩ ভোটে। কামাল উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলেও দলের নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করেননি। বিদ্রোহী প্রার্থী না থাকলে নিশ্চিত আমি জিততাম।’ খুটাখালী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাহাদুর হক পেয়েছেন ২ হাজার ৫৭৯ ভোট। দলের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিন পেয়েছেন ৩ হাজার ৪১৬ ভোট। অন্যদিকে জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান ৫ হাজার ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।
কৈয়ারবিল ইউপিতে ৩ হাজার ২৮২ ভোট পেয়ে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মক্কী ইকবাল হোসেন। এ ইউপিতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমদ পেয়েছেন ৩ হাজার ১৫০ ভোট।
এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘ছয়টি ইউপিতে আওয়ামী লীগ জিতেছে। এটা একটা সাফল্য। তবে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ হেরেছে বিদ্রোহী প্রার্থীর কারণে। বিষয়টি ভাবাচ্ছে দলকেও।’
অন্য আট ইউপিতে নির্বাচিতরা হলেন: হারবাংয়ে মিরানুল ইসলাম (আওয়ামী লীগ), সুরাজপুর-মানিকপুরে আজিমুল হক (আওয়ামী লীগ), কাকারায় শওকত ওসমান (আওয়ামী লীগ), ফাঁসিয়াখালীতে গিয়াসউদ্দিন চৌধুরী (আওয়ামী লীগ), চিরিংগায় জসিম উদ্দিন (আওয়ামী লীগ), সাহারবিলে মহসিন বাবুল (আওয়ামী লীগ), ডুলাহাজারায় নুরুল আমিন (জাতীয় পার্টি) ও লক্ষ্যারচরে গোলাম মোস্তফা কাইছার (স্বতন্ত্র-জামায়াতে ইসলামী)।