বিদ্রোহ আজ চারদিকে
স্বৈরশাসনে নিষ্পেষিত আরব বিশ্বের মানুষ জেগে উঠেছে। জয়নুল আবেদিন বেন আলীর ২৩ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ তিউনিসিয়ার জনগণের শুরু করা আন্দোলনের আগুন যেন দাবানলের মতোই ছড়িয়ে পড়ছে। গণবিক্ষোভের আগুন আরব বিশ্বের বাহরাইন, ইয়েমেন হয়ে পাড়ি দিয়েছে পারস্য দেশে। তারপর আবার মাথাচাড়া দিয়ে উঠেছে মিসরেরই প্রতিবেশী লিবিয়ায়। জনরোষ ধিকিধিকি জ্বলছে সিরিয়া, জর্ডান আর সৌদি আরবেও। এর মধ্যে যেসব স্থানে অবস্থা বেশি গুরুতর, সেগুলোর সর্বশেষ পরিস্থিতি ও প্রেক্ষাপট খতিয়ে দেখা যাক।বাহরাইন: ক্ষুদ্র কিন্তু তেলসমৃদ্ধ দেশ বাহরাইনের মানুষ ফুঁসে উঠেছে সাংবিধানিক সংস্কার, রাজবন্দীদের মুক্তি ও নাগরিক অধিকারের দাবিতে। আন্দোলনের শুরুটা হয়েছে শিয়া মুসলমানদের নেতৃত্বে। শিয়ারাই দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু ক্ষমতায় রয়েছে সুন্নিরা। বংশপরম্পরায় শাসন চালিয়ে যাচ্ছে আল-খলিফা রাজপরিবার। বর্তমান বাদশাহ হামাদ ইবনে ইসা আল খলিফা ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আছেন। সুন্নি এই রাজপরিবারের প্রতি আরব বিশ্বের নেতাদের সমর্থন রয়েছে। বাহরাইনে আন্দোলন সফল হলে শিয়াদের ক্ষমতার দুর্গ বলে পরিচিত ইরানের লাভ হবে বলে ভীত আরব নেতারা।আন্দোলন ঠেকাতে রাজধানী মানামায় সেনা মোতায়েন করা হয়। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত (মঙ্গলবার) নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে শতশত। মানামার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে তাঁবু খাটিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানেই থাকার অঙ্গীকার করে তারা। একপর্যায়ে দেশটির ক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা প্রতিশ্রুতি দিয়েছেন, পরিস্থিতি শান্ত হলে জাতীয় সংলাপের মাধ্যমে বিক্ষোভকারীদের দাবিগুলো বিবেচনা করা হবে। যুবরাজ দেশের সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বে রয়েছেন। পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের অবস্থান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে টিভিতে দেওয়া ভাষণে উল্লেখ করেছেন তিনি।ইয়েমেন: ইয়েমেনে ৩১ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হটানোর দাবিতে সোচ্চার হয়েছে দেশের মানুষ। দেশটির পার্লামেন্টের বিরোধী জোট দ্য কমন ফোরাম বলেছে, তারা সব দল বিশেষত তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তাদের এই বিক্ষোভ প্রেসিডেন্ট সালেহর ‘নিপীড়ন, জুলুম আর দুর্নীতির’ বিরুদ্ধে।সর্বশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে সাত বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালেহ। তিনি ঘোষণা করেছেন এই মেয়াদ পূরণ হওয়ার আগে পদত্যাগ করবেন না। সম্প্রতি আবারও সংবাদ সম্মেলন করে সালেহ বলেন, ‘তারা (বিক্ষোভকারীরা) আমাকে সরাতে চাইলে নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। নির্বাচনে হারলেই আমি পদত্যাগ করব।’ সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ইরান: সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ইরানেও। দেশটির প্রধান দুই বিরোধী নেতা মীর হোসেন মুসাভি ও মেহেদি কারোবি মিসরের গণঅভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাঁদের ওই সমর্থন ইরানেও বিরোধী দলের সমর্থকদের সরকারবিরোধী বিক্ষোভে উদ্বুদ্ধ করে। বিক্ষোভের শুরুতে ১৪ ফেব্রুয়ারি দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়। এরপর সরকার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। মুসাভি ও কারৌবিকে কার্যত গৃহবন্দী করে রেখেছে সরকার।সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সরকার ভিন্ন কৌশল নেয়। সেই কৌশল অনুযায়ী রাজপথে নামে সরকারের সমর্থকেরা। তারা মুসাভি ও কারৌবির ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের মধ্যে ভীতি ছড়াতে সরকার ব্যাপক ধরপাকড় করে। এর অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকেও গ্রেপ্তার করা হয়। হাশেমির বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন কট্টরপন্থী বলে পরিচিত মাহমুদ আহমাদিনেজাদ। ২০০৯ সালে বিতর্কিত এক নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন। ওই সময় নির্বাচন বাতিলের দাবিতে বিরোধীরা ব্যাপক বিক্ষোভ শুরু করলে কঠোর হাতে তাদের দমন করেন তিনি।তথ্যসূত্র: বিভিন্ন বার্তা সংস্থা