বিদ্রোহী দুই মেয়র প্রার্থী নিয়ে বিপদে মহাজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (দেয়ালঘড়ি) ও রাশেদুল ইসলামকে (টেলিভিশন) নিয়ে বেকায়দায় পড়েছেন মহাজোটের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান (আনারস)। অন্যদিকে, চারদলীয় জোটের একক প্রার্থী হিসেবে জামায়াতের সরওয়ার কামাল (তালা) মনোনয়ন পেলেও তিনি দ্বিতীয় স্ত্রী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী রোকসানা পারভিনকে (কাপ-পিরিচ) নিয়ে টেনশনে রয়েছেন। কারণ ইতিমধ্যে রোকসানা নির্বাচনী প্রচারণায় সরওয়ারের ব্যক্তি চরিত্র ও ভাবমূর্তি নিয়ে কথাবার্তা বলছেন। ১৭ জানুয়ারি সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক শহরের গোলদীঘির পাড়ে আয়োজিত মেয়র পদপ্রার্থীদের ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে রোকসানা প্রতিদ্বন্দ্বী সরওয়ারকে উদ্দেশ করে বলেন, ‘আপনার চোখ লম্বা, নারীলিপ্সু ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দেবেন না। আর এতে ভোটাররাও বিভ্রান্ত হচ্ছেন।’ এই পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আরও চার প্রার্থী লড়ছেন। এঁরা হলেন—জগদীশ বড়ুয়া (চশমা), রুহুল আমিন সিকদার (জাহাজ), জুলফিকার আলী (মাইক) ও রণজিত কুমার দে (দোয়াত-কলম)। ২৭ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার অভিযোগে ১২ জানুয়ারি দলের এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দুই বিদ্রোহী মেয়র পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল খালেক ও কার্যকরী পরিষদের সদস্য রাশেদুল ইসলামসহ চকরিয়া এবং মহেশখালীর সাত মেয়র পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলাম জানান, এটি স্থানীয় সরকার পরিষদ নির্বাচন। এখানে দলীয় মনোনয়ন দেওয়ার এবং বহিষ্কারের ক্ষমতা কারও নেই। কাউকে দল থেকে বহিষ্কার করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক করেই সিদ্ধান্ত নিতে হবে। অপর মেয়র পদপ্রার্থী আবদুল খালেক বলেন, ‘বহিষ্কার আদেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই আদেশ আমার নির্বাচনী প্রচারণায় কোনো প্রভাব ফেলবে না। কারণ আমি আওয়ামী লীগের নাম বিক্রি করে সুবিধা আদায় করি না, সন্ত্রাসী লালন-পালন করি না। অন্যের জমিজমা দখল করি না। টাকার বিনিময়ে কাউকে জমি দখলও করে দিই না। চাঁদাবাজির সঙ্গেও আমি কোনো কালে জড়িত ছিলাম না।’ শহরের পাহাড়তলী ও তারাবুনিয়া ছড়ার ভোটার আবদুল হাকিম ও নুরুল ইসলাম জানান, শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী মাঠে থেকে গেলে মুজিবুর রহমান বেকায়দায় পড়বেন। অন্যদিকে, নাগরিক কমিটির ব্যানারে রাশেদুল ইসলামও মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এলাকায় তাঁরও ব্যাপক জনসমর্থন রয়েছে। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ অনেকে তাঁর পক্ষে কাজ করছেন। এ ক্ষেত্রে তিন প্রার্থীর মধ্যে দলীয় সমর্থকদের ভোট ভাগাভাগি হলে লাভবান হবেন চারদলীয় জোটের একক প্রার্থী জামায়াতের সরওয়ার কামাল। মহাজোটের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একক প্রার্থী হিসেবে দলের সমর্থকদের ভোট তিনি পাবেন। তা ছাড়া দীর্ঘ সময় ধরে তিনি জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছেন। একাধিক প্রার্থী মাঠে থাকলেও তাঁর তেমন ক্ষতি হবে না। এলাকার ভোটাররা তাঁর পক্ষে রয়েছেন। চারদলীয় জোটের একক প্রার্থী সরওয়ার কামাল প্রসঙ্গে জানতে চাইলে মুজিবুর রহমান বলেন, দুর্নীতির দায়ে তাঁকে দুমাস আগে ভারপ্রাপ্ত মেয়র এবং পরে কাউন্সিলরের পদ থেকেও অপসারণ করা হয়েছে। সম্প্রতি তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেনাবাহিনী নিয়োগের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী না হলে নির্বাচন ভণ্ডুল হবে। ইতিমধ্যে তিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের আনাগোনা দেখতে পাচ্ছেন। আসলে তিনি সন্ত্রাসীদের ঠেকানোর জন্য সেনাবাহিনী চাননি। তিনি স্ত্রীকে সামাল দেওয়ার জন্য সম্ভবত সেনাবাহিনী নামাতে চাইছেন, কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী এখন তাঁর স্ত্রী।স্ত্রীকে নিয়ে টেনশনে সরওয়ারমেয়র পদপ্রার্থী রোকসানা পারভিনকে নিয়ে টেনশনে চারদলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা সরওয়ার কামাল। রোকসানার নির্বাচন করা নিয়ে শুরু থেকেই সরওয়ারকে ভোটারদের মুখোমুখি হতে হচ্ছে। কারণ রোকসানা তাঁর দ্বিতীয় স্ত্রী! সরওয়ার কামাল জানান, ‘রোকসানাকে বহু আগে তালাক দিয়ে বিদায় করেছি। কিন্তু প্রতিপক্ষ একটি চক্র রোকসানাকে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে নামিয়ে দিয়ে তাঁর গণজোয়ার ঠেকানোর চক্রান্ত করছেন। এতে তাঁরা সফল হবেন না। ওই চক্রটি জামায়াতে ইসলামীর রাজনীতি করি বলে যুদ্ধাপরাধী হিসেবে অপপ্রচার চালিয়ে এবং হোটেল মোটেল জোনের ভবন নির্মাণে নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ তুলে আমাকে ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়। যা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।’ রোকসানা পারভিন জানান, ২০০৫ সালের ২৯ মে সরওয়াল কামালের সঙ্গে তাঁর ১০ লাখ টাকার কাবিনমূলে (নগদ দুই লাখ, বাকি আট লাখ) বিয়ে হলেও এখন পর্যন্ত দুজনের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক রয়ে গেছে। এ ব্যাপারে তাঁকে তালাকও দেওয়া হয়নি। দিলে এরকম কোনো কাগজপত্রও তিনি পাননি। মেয়র পদে নির্বাচন করা প্রসঙ্গে জানতে চাইলে রোকসানা বলেন, ‘এই পৌরসভায় ৬৭ হাজার ভোটার রয়েছেন। তাঁর অর্ধেক ভোটার নারী। নারীদের ভোট নিয়ে আমি মেয়র নির্বাচিত হতে পারি। আর এতে ব্যাপক সাড়াও পাচ্ছি।’ রোকসানা জানান, ‘সরওয়ার প্রায় তিন বছর ধরে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না। যদিও একসময় আমাকে পাবার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন। শেষে সুন্দর একটি সংসার ভেঙে তাঁকে বিয়ে করতে বাধ্য হই। সরওয়ারকে বিয়ে করার খবর পেয়ে প্রবাসী স্বামী হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বিএনপির একটি পক্ষ চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সরওয়ারকে সমর্থন দিলেও অন্যপক্ষটি নীরবে অন্য কাউকে সমর্থন জানাতে পারেন। কারণ ওই পক্ষটি জামায়াতের রাজনীতি সমর্থন করেন না। আগে মেয়র পদে পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী নির্বাচন করতেন। এবারও তিনি চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। কিন্তু কোন্দলের কারণে তিনি তা প্রত্যাহার করে নীরব ভূমিকা পালন করছেন। এ নিয়ে নানা আড্ডা, আলোচনায় ভোটারদের মধ্যে যোগ-বিয়োগের হিসাব চলছে।