মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত করেও স্বস্তি নেই বড় দুই দলে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে হতাশ দুই দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর মেয়র পদে জাবের আহমদ চৌধুরী জামায়াতের ও নাজেম উদ্দিন জাতীয় পার্টির সমর্থন লাভ করেন। ৫ ফেব্রুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আবু বক্করের নাম ঘোষণা করেন। তবে এরপর ৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক বিএনপির একক প্রার্থী হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহর নাম ঘোষণা করেন। তিনি সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহর ভাতিজা।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গত সোমবার রাতে কক্সবাজার জেলার নেতারা, আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর নাম ঘোষণা করেন। কিন্তু ওই সিদ্ধান্ত মানেননি দলের কিছু নেতা-কর্মী। গত মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হোছাইন ইব্রাহীমের নাম ঘোষণা করেন।
এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাল্টা প্রার্থী ঘোষণা করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তৃণমূল পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী হিসেবে হাবিব উল্লাহর নাম চূড়ান্ত করা হয়েছে।
এদিকে, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত না নিয়ে আনোয়ার পাশা চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা ওই সিদ্ধান্ত মেনে নিইনি। তাই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হোছাইন ইব্রাহীমকে দলীয় প্রার্থী হিসেবে নির্ধারণ করে মাঠে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’ তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, মাঠপর্যায়ে সবার মতামত নিয়েই আনোয়ার পাশা চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, আবু বক্করই বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, শুক্রবার বিকাল পর্যন্ত কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব না দেওয়ায় আলমগীর ফরিদ ও তাঁর ভাতিজা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।