বিদ্রোহী প্রার্থীদের কারণে হারল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জন্য দলীয় নেতা-কর্মীদের বিভক্তির কারণে চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জিতেছেন। বিএনপি-সমর্থিত নুরুল ইসলাম হায়দার আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র জাফর আলমকে এক হাজার ১৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। বেসরকারি ফলাফলে দেখা যায়, নুরুল ইসলাম হায়দারের প্রাপ্ত ভোট ১১ হাজার ১৬৮ আর জাফর আলমের প্রাপ্ত ভোট ১০ হাজার ২৭। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক কাউন্সিলর ফজলুল করিম সাঈদী পেয়েছেন চার হাজার ৯৯৪ ভোট এবং সেলিম উল্লাহ পেয়েছেন এক হাজার ৯২২ ভোট। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করেন, শেষ মুহূর্তেও দুই বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচন থেকে সরাতে না পারায় দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে। এ ছাড়া দলের কিছু নেতা ভেতরে ভেতরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। বিএনপির নেতা-কর্মীরা জানান, শুরুতেই আওয়ামী লীগের দলাদলিতে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থায় ছিল বিএনপি। প্রার্থী নিয়ে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছেন নেতা-কর্মীরা।আর সালাহউদ্দিন আহমদও দলীয় প্রার্থীকে জেতানোর জন্য রাত-দিন গণসংযোগ ও নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। ফলে জয় এসেছে।নবনির্বাচিত মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, ‘আওয়ামী দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতা-কর্মীদের পরিশ্রম ও একাগ্রতায় ভোটাররা আমার দিকে ঝুঁকে পড়েছিল।’ তিনি জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ সম্পর্কে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী বলেন, দলে সুদৃঢ় ঐক্যের অভাব ছিল। এতে বিদ্রোহীরাও একটি উল্লেখযোগ্য ভোট পায়। যার ফলে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে। এদিকে, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীরা হলেন—সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা বেগম, রেহানা খানম ও আঞ্জুমান আরা বেগম। সাধারণ কাউন্সিলরেরা হলেন—নুরুল হোসাইন, নুরুল আমিন, বশিরুল আইয়ুব, লক্ষণ কান্তি দাশ, ছৈয়দ আলম, নেজাম উদ্দিন, এনামুল হক, ফোরকানুল ইসলাম ও সাইফুল ইসলাম।