বিদ্রোহী মাস্টারমশাই
আবার অশান্তির কালো মেঘ জমছে সিঙ্গুরে। আবার বিদ্রোহীর ভূমিকায় কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ‘মাস্টারমশাই’ তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবার তাঁর বিদ্রোহ নিজের দলের বিরুদ্ধে। তখনকার বিধায়ক রবীন্দ্রনাথ পরে হন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃষিমন্ত্রী। ওই সময়ে মমতার প্রিয়পাত্র থাকলেও এখন দুজনের সম্পর্ক কাঠে-কুড়ালে।পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অখ্যাত জনপদ সিঙ্গুর ২০০৬ সালে প্রচারের আলোয় চলে আসে। টাটা শিল্পগোষ্ঠীর এক লাখ রুপির ন্যানো গাড়ির কারখানা স্থাপিত হওয়ার কথা ছিল এই সিঙ্গুরেই। তখনকার বামফ্রন্ট সরকার ওই কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণ করে টাটাকে লিজ দিলে বাধে তুলকালাম। রুখে দাঁড়ান স্থানীয় কৃষকেরা। সিঙ্গুর আন্দোলনের জেরে পরবর্তী নির্বাচনগুলোতে ভরাডুবি ঘটে বামফ্রন্টের।গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার পর তৃণমূলপ্রধান মমতা এলাকার সবার প্রিয় ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রাজ্যের কৃষিমন্ত্রী করেন। মাস্টারমশাই ছিলেন সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম নেতা। আরেক নেতা ছিলেন বেচারাম মান্না। তবে তিনি বিধায়ক হয়েছিলেন সিঙ্গুরের বাইরের হরিপাল কেন্দ্র থেকে। সিঙ্গুরের জমি ছাড়তে অনিচ্ছুক কৃষকেরা মমতার দিকে চেয়ে দীর্ঘ ছয় বছর ধরে জমি ফেরত পাওয়ার আশায় প্রহর গুনছিলেন। কৃষিমন্ত্রী মাস্টারমশাই তাঁদের স্বার্থরক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। বরাবর অভয় দিয়ে সিঙ্গুরবাসীকে বলে আসছিলেন, সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হলেই ফিরিয়ে দেওয়া হবে অনিচ্ছুকদের জমি।কিন্তু বিনা মেঘে বজ্রপাত হয় গত ২১ নভেম্বর। মমতা তাঁর মন্ত্রিসভায় রদবদল করে বসলেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কৃষি থেকে সরিয়ে দেওয়া হয় পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রকের দায়িত্বে। সিঙ্গুরে ছড়িয়ে পড়ে হতাশা ও ক্ষোভ। মাস্টারমশাই বিদ্রোহ ঘোষণা করেন নিজের নেত্রীর বিরুদ্ধে। সিঙ্গুরবাসী এসে দাঁড়ান তাঁর পাশে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও সিঙ্গুরবাসীর ক্ষোভের অন্যতম কারণ মমতা কৃষিমন্ত্রী করেছেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্নাকে। সিঙ্গুরের অধিকাংশ মানুষ এটা মানতে পারেননি। মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়া বেচারামের বিরুদ্ধে আছে বেশ কয়েকটি ফৌজদারি মামলা। তিনি মন্ত্রী হয়ে ২৮ নভেম্বর প্রথম সিঙ্গুরে গেলে এলাকার অনেকে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। অন্যদিকে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়ে দেন, তিনি আর থাকবেন না মন্ত্রিসভায়।ক্ষুব্ধ রবীন্দ্রনাথ বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু, সংগ্রামী নেত্রী হলেও ‘আদর্শ নেত্রী’ নন। তাই তাঁর কক্ষে (মাস্টারমশাইয়ের) মমতার ছবি রাখার কোনো কারণ নেই। বিদ্রোহী মন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। করছেন জমির দালালি। ঘুষ নিয়ে চাকরি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা নিজেও জানেন এসব। অথচ কোনো ব্যবস্থা নেন না। মাস্টারমশাই এখন প্রস্তাব দিয়েছেন, আদালতের বাইরে সিঙ্গুরের জমি সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার টাটার সঙ্গে আলোচনায় বসুক। তৃণমূলে বিদ্রোহ অবশ্য কেবল মাস্টারমশাই-ই করেননি। এর আগে বিদ্রোহ করেছেন তৃণমূল সাংসদ ও প্রখ্যাত গায়ক কবীর সুমন। মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় সাবেক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। তারপর প্রবীণ বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। শোভন দেব নিজের দলের নেতা-কর্মীদের হাতে প্রকাশ্যে নিগৃহীত হয়েছেন সমপ্রতি। অমর সাহা, কলকাতা