বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফুকে পড়াচ্ছি প্রায় পাঁচ মাস হতে চলল। দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রতিটি বিষয়ে জানার আগ্রহে তার কোনো ঘাটতি নেই। ওর বয়সে আমি যোগ-বিয়োগ ছাড়া কিছুই পারতাম না। ইতিমধ্যে আমি ওকে প্রায় পঞ্চম শ্রেণি পর্যন্ত সিলেবাস শেষ করিয়েছি। ঠিক পঞ্চম শ্রেণির অঙ্ক নয়। ছোট সংখ্যায় পঞ্চম শ্রেণির নিয়মগুলো ওর আয়ত্তে আনতে আমি সফল। তিনটা বইয়ের প্রথম থেকে শেষ ইফুর মুখস্থ। উদ্দেশ্য একটাই, জিলা স্কুলে চান্স পেতেই হবে।

পড়াশোনার পাশাপাশি প্রতিদিন তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিই। শিক্ষা দিই বলতে দিতে হয়। ওই যে বললাম, জানার আগ্রহ। এই যেমন আকাশ নীল দেখায় কেন, টেলিভিশন কে আবিষ্কার করেছেন, সাম্প্রতিক খবরাখবর ইত্যাদি। ১২ মার্চ ২০১৮,  তাদের বাসার গেটে ঢুকতেই ইফু বলল, ‘আজকের গরম খবর কি জানেন স্যার?’ আমি বললাম, ‘জানি তো, কেন জানব না? নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত।’ ইফু সঙ্গে সঙ্গে বলল, ‘সেই প্লেনে আমার ফুফা ছিলেন জানেন?’ বলে একদম চুপ হয়ে গেল। আমিও স্তব্ধ হয়ে গেলাম। তার চেহারা দেখে বোঝার উপায় নেই ফুফার বর্তমান কী অবস্থা।  তবে আমি আন্দাজ করে নিয়েছি। তবু নিশ্চিত হতে প্রশ্ন করলাম।

‘কী অবস্থা তোমার ফুফার?’

ইফু বলল, ‘ফুফা বেঁচে গেছেন স্যার।’

আমি কিছুটা স্বস্তি বোধ করলাম।

ইফুর ফুফাকে নিয়ে আমার কৌতূহলটা বেড়ে গেল। ওনার নাম রাশেদ। নামের আগে-পরে কী বলেছিল তা মনে পড়ছে না। পড়াতে পড়াতে ওনার সম্পর্কে বিস্তারিত ইফুর কাছেই শুনেছি। যিনি একটা প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা। নেপালে গিয়েছিলেন ব্যাংকের কাজেই। বাড়িতে রেখে গিয়েছিলেন একটা দশ মাসের বাচ্চা। জানি না ওনার সহধর্মিণীর টেলিভিশনে খবরটা শোনার পর কী অবস্থা হয়েছিল। তবে অনুমান করছি। রাশেদ ভাইকে পরে নাকি প্লেন কেটে বের করা হয়েছিল। পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। সেদিন পড়াতে পড়াতে বারবার মনে হয়েছিল, ঈশ্বর মানুষের আয়ু রাখলে কারও ক্ষমতা নেই তার ব্যতিক্রম করার।

রাতে ফেসবুক খুলতেই নিউজফিডে ভাসতে লাগল বিমানযাত্রীদের বিভিন্ন পোস্টের স্ক্রিনশটগুলো। নিজস্ব হাসিমাখা মুখের ছবি দিয়ে বিমানবন্দরে চেক-ইন দিয়েছেন। সঙ্গে দিয়েছেন ছোট ছোট আনন্দমাখা ক্যাপশন। কেউ হয়তো কর্মব্যস্ত জীবনটাকে কিছুটা শান্তি দিতে পাড়ি জমিয়েছিলেন নেপালে। কারও দেখলাম হানিমুন যাপনের উদ্দেশে যাত্রা। কেউ আবার পরিবার-পরিজন নিয়ে বেরিয়েছিলেন আনন্দ লাভের জন্য। নেপালি হবু ডাক্তারেরা ছুটিতে নাড়ির টানে ফিরছিলেন নিজ দেশে। তাদের কারও হয়তো পরিবারের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তবে মেডিকেলের বেডে শুয়ে। কারও কারও সেই সুযোগটাও হয়ে ওঠেনি। সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। তাদের সুযোগ হয়নি মায়ের কাছে শোনার ‘তোমার স্বাস্থ্যটা এবার একটু খারাপ হয়ে গেছে। পড়াশোনার খুব চাপ যাচ্ছে বুঝি?’ একটা প্লেন বিধ্বস্ত হয়ে অনেকগুলো পরিবারকে বিধ্বস্ত করে দিল।

স্বপন কুমার ঘোষ

বোদা, পঞ্চগড়