বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বোধন আবৃত্তি সংগঠন মঞ্চায়ন করে শ্রুতি নাটক এখনো একাত্তর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বোধন আবৃত্তি সংগঠন মঞ্চায়ন করে শ্রুতি নাটক এখনো একাত্তর

স্মরণসভা, শহীদ বেদিতে ফুল দেওয়া, প্রদীপ জ্বালানো, চলচ্চিত্র ও নাটক প্রদর্শনী এবং আবৃত্তি ও মৌন মিছিলের মধ্য দিয়ে নগরের বিভিন্ন সংগঠন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।
বোধন: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শ্রুতি নাটক এখনো একাত্তর মঞ্চায়ন করে বোধন আবৃত্তি পরিষদ। সোহেল আনোয়ার রচিত ও প্রণব চৌধুরী নির্দেশিত নাটকটির এ নিয়ে সপ্তম মঞ্চায়ন হলো। নাটকের কাহিনি আবর্তিত হয় নয়ানজলি নামের একটি গ্রামকে ঘিরে। গ্রামটিই যেন এখনকার বাংলাদেশ। যেখানে ১৯৭১ ও ২০১৩ সাল একাকার হয়ে যায়।
প্রমা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেল চারটায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ শীর্ষক অনুষ্ঠান। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন শহীদজায়া বেগম মুশতারী শফী, মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম ও উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ।
আলোচনার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বের হয় আলোর মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোম জ্বালানো হয়। আলোর মিছিল শেষে বৃন্দ আবৃত্তির মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার শিল্পীরা। সবশেষে ছিল নরেন আবৃত্তি একাডেমি ও নির্মাণ আবৃত্তি একাডেমির বৃন্দ আবৃত্তি পরিবেশনা।
দৃষ্টি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টির আয়োজনে ছিল ‘মুক্তির কথা শুনি’ শিরোনামের একাত্তরের চিঠি পাঠের আসর। থিয়েটার ইনস্টিটিউট লেকচার মিলনায়তনে অনুষ্ঠিত আসরে একাত্তরের চিঠি থেকে পাঠ করেন ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, বনকুসুম বড়য়া, সাবের শাহ ও উর্মি আচার্য। আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর পরিবেশনায় ছিল ‘মুক্তির কথা’ নামের আলেখ্য। মাসুদ বকুলের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জিন্নাহ চৌধুরী, দৃষ্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন।
চট্টগ্রাম বন্ধুসভা: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে অনুষ্ঠিত হয় একাত্তরের চিঠি পাঠের আসর। ‘আবেগে একাত্তর ও তাঁর স্বপ্নকথা’ শিরোনামের এ আয়োজনে চিঠি পাঠের পাশাপাশি ছিল মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ও প্রশ্নোত্তর পর্ব। বন্ধুদের মুক্তিযুদ্ধ নিয়ে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও আবু ইউসুফ চৌধুরী। এ দুই বীর সেনানীর কথামালায় উঠে আসে যুদ্ধকালীন অনেক জানা ও অজানা তথ্য। এ আয়োজনে কবিতা আবৃত্তি করেন নাজিফা তাজনূর, নাসরিন আক্তার, সঞ্জয় বিশ্বাস, জয়শ্রী দাশ, মিনহাজ হোসাইন ও হারিস উদ্দীন। এর পরের দিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ মিছিলের আয়োজন করেন বন্ধুরা। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালানো হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধুরা মাতৃভূমিকে ভালোবাসার শপথ নেন। শপথ পাঠ করান মুক্তিযোদ্ধা সুধীর দেব।