বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছেন শ্রমিকেরা। নগরের কাতালগঞ্জে চট্টগ্রাম শ্রম আদালত ভবনের নিচতলায় চালু হয়েছে ‘শ্রমিক আইন সহায়তা সেল’। এই সেলে আইনি সহায়তার পাশাপাশি শ্রমবিরোধ–সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের পক্ষে আদালতে মামলা দায়ের ও পরিচালনা করা হচ্ছে। গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
চট্টগ্রাম শ্রম আদালতে শ্রমিক আইন সহায়তা সেলের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলার শ্রমিকেরা আইনগত সহায়তা পাবেন।
গত বৃহস্পতিবার দুপুরে শ্রম আদালতে গেলে দেখা যায়, আদালত ভবনের নিচতলার একটি কক্ষে সেলের কার্যালয়। এতে কর্মরত আছেন আইন কর্মকর্তা আবুল হাসনাত। ওই সময় আইন কর্মকর্তার কাছে পরামর্শ নিতে আসেন এক ব্যক্তি। তঁার নাম মো. আবুল কাশেম (৩৫)। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে এসেছেন। বাবা নেই। তাঁর আয়ের ওপর পরিবার নির্ভরশীল। পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। কিন্তু গত জুলাই মাসে তাঁর চাকরি চলে যায়। নগরের দেওয়ানহাট এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। তাঁর দাবি, তাঁকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া তাঁকে যে বেতন দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি। এ জন্য তিনি ওই পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করতে এসেছেন। তঁার কাছ থেকে যাবতীয় তথ্য নিয়ে নিয়েছেন আইন কর্মকর্তা।
আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘যাবতীয় পাওনা আদায় করতে মামলা পরিচালনা করা শ্রমিকদের পক্ষে অসম্ভব। সরকারিভাবে বিনা খরচে আইনি সহায়তা পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। নইলে নিজে খরচ চালিয়ে মামলা করতে পারতাম না।’
আইন সহায়তা সেলের আইন কর্মকর্তা আবুল হাসনাত জানান, কোনো শ্রমিক পাওনা আদায়ে আইনি সহায়তা নিতে এলে প্রথমে অনুযোগপত্রের মাধ্যমে কারখানা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পাওনা দিয়ে দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হয়। এ জন্য আইনজীবী সুখময় চক্রবর্তী, জানে আলম, রাজীব দে, রুপা সাহা ও সুফিয়া শিকদার নামের পাঁচজনের প্যানেল গঠন করা হয়েছে। তাঁরাই শ্রমিকদের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করবেন। প্রয়োজনে শ্রম আপিল ট্রাইব্যুনালেও আইনি সহায়তা দেওয়া হবে।
আবুল হাসনাত আরও জানান, ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের কারিগরি সহায়তায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে এখনো অনেকে জানেন না। তা শ্রমিকদের জানানোর জন্য ইতিমধ্যে চট্টগ্রামের শিল্প এলাকায় ২০টি বিলবোর্ড স্থাপনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক নেতাদেরও জানিয়ে দেওয়া হচ্ছে।
গত মাসের শেষের দিকে চট্টগ্রামে আইনি সহায়তা চালুর পর ২০ জন শ্রমিককে আইনি সহায়তা দেওয়া হয়েছে। একজনের পক্ষে মামলা করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।