বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ‘আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের আওতায় দেশের স্বল্প শিক্ষিত, অসহায়, দরিদ্র ও মেধাবী ছেলেমেয়েদের বিভিন্ন বিভাগে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। এখানে নারীদের তিন মাসব্যাপী নয়টি বিভাগে ও পুরুষদের দুই মাসব্যাপী তিনটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবছর নারীদের চারবার ও পুরুষদের ছয়বার প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। প্রতি ব্যাচে বিভিন্ন ট্রেডে বিটাকের বিভিন্ন কেন্দ্রে ৩১০ জন নারী ও ২৮৮ জন পুরুষ প্রার্থী ভর্তি করা হয়। এই প্রশিক্ষণ প্রকল্পটি ২০১৬ সালের ৩০ জুলাই পর্যন্ত চলবে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ
এখানে নারীদের জন্য লাইট মেশিনারিজ, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, অটোক্যাড, ওয়েল্ডিং (আর্ক ও গ্যাস), হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স রক্ষণাবেক্ষণ, কার্পেন্টিং, প্লাস্টিক প্রসেসিং (সাধারণ), ও প্লাস্টিক প্রসেসিং (কাস্টমাইজড) এবং পুরুষদের জন্য ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এসব বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়।

কোথায়, কীভাবে করবেন
বিটাকের ঢাকাসহ সারা দেশে মোট পাঁচটি কেন্দ্র আছে। এসব প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীদের বিটাকের কেন্দ্রগুলো থেকে বা বিটাকের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে বরাবর প্রকল্প পরিচালক (এসইপিএ), বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ এই ঠিকানায় পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও সুবিধাগুলো এসব প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান, বিধবা বা তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পাস প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে বিভাগ বাছাই করা হয়ে থাকে।
বিটাকের পরিচালক ও এই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুর রহমান জানান, প্রশিক্ষণার্থীরা এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি নিজ হাতে কাজ করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে থাকেন। তাই এই প্রশিক্ষিত ব্যক্তিদের দেশে-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। শফিকুর রহমান আরও জানান, প্রশিক্ষণের শেষ পর্যায়ে এখানে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপত্র দিয়ে থাকেন। একই দিনে তাঁদের প্রশিক্ষণের সনদও দেওয়া হয়।

বিস্তারিত যোগাযোগ
ঢাকা কেন্দ্র: বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
চট্টগ্রাম কেন্দ্র: সাগরিকা রোড, পাহাড়তলী চট্টগ্রাম
চাঁদপুর কেন্দ্র: ষোলঘর, চাঁদপুর
খুলনা কেন্দ্র: শিরোমণি শিল্প এলাকা, খুলনা
বগুড়া কেন্দ্র: সান্তাহার রোড নিশিন্দারা, বগুড়া
এ ছাড়া বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.bitac.gov.bd