বিনা খরচে ভাতাসহ প্রশিক্ষণ পাবেন ২০০ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমিতে নারীদের বিভিন্ন কোর্স প্রশিক্ষণ দেওয়া হয়
শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমিতে নারীদের বিভিন্ন কোর্স প্রশিক্ষণ দেওয়া হয়

আমাদের সমাজে এমন অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী আছেন, যাঁদের নানা কারণে খুব বেশি দূর লেখাপড়া করা সম্ভব হয় না। সংসার চালাতে তাঁদের নামতে হয় কঠিন কোনো কাজে। উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় অনেক সময় তাঁদের পিছিয়ে পড়তে হয়। তবে যাঁরা কোনো হাতেকলমে প্রশিক্ষণ নেন, তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে মোটামুটি বেতনে বা মজুরির কাজ করতে পারেন। সম্প্রতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত জিরানীর শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি ছয়টি ট্রেড কোর্সে ২০০ জন মহিলাকে বিনা খরচে (থাকা-খাওয়াসহ) তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে।
একাডেমি সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যাচে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন ট্রেডে ১ হাজার ৩৭৮ জন মহিলা এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এখানে তিন মাস পরপর বছরে চারটি ব্যাচে মহিলাদের এসব ট্রেড কোর্সে ভর্তি করানো হয়। শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমির আয়ন-ব্যয়ন কর্মকর্তা ইউরিদা সাঈদ বলেন, বিগত ব্যাচগুলোতে পাঁচটি ট্রেডে ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হলেও এ ব্যাচে ছয়টি ট্রেডে ২০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলা এ প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই একাডেমি থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডে প্রশিক্ষণ নেন রাহিমা আক্তার। তিনি বর্তমানে একটি গার্মেন্টস কোম্পানিতে কম্পিউটার অপারেটর থেকে পদোন্নতি পেয়ে সিস্টেম অপারেটর হিসেবে চাকরি করছেন। তিনি বলেন, ২২তম ব্যাচে এক আত্মীয়ের পরামর্শে এই একাডেমিতে ভর্তি হই। এই প্রশিক্ষণ একাডেমির পরিবেশ অনেক ভালো। এখানে প্রতিটি ট্রেডের কাজ হাতেকলমে শেখানো হয়। এখান থেকে প্রশিক্ষণ নিলে কাউকে চাকরির জন্য সুপারিশ করতে হবে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনদ। এই সনদ থাকলে খুব সহজেই উচ্চ পদে যাওয়া যায় বলে জানান রাহিমা আক্তার। রাহিমা আক্তারের মতো চাইলে আপনিও এসব প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন চাকরি বা কর্মজীবন। এসব ট্রেড কোর্সে ভর্তি হতে হলে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র [email protected] এই ই-মেইল ঠিকানায় আগামী ৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।
কোন ট্রেডে কতজন প্রশিক্ষণ পাবেন: এখানে যেসব ট্রেড কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে, এর মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডে ৬০ জন, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর ও মেইনটেন্যান্স এবং বিউটিফিকেশন ট্রেডে ৩০ জন করে, মোবাইল ফোন সার্ভিসিং ও ইন্টারনেট ট্রেডে ১০ জন এবং লেদার সুইং মেশিন অপারেটর ট্রেডে ৪০ জন মহিলা এসব প্রশিক্ষণের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা: এই ট্রেড কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে চাইলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
যেভাবে আবেদন: এসব প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি একাডেমির ঠিকানায় ভর্তির দিন সকাল আটটার মধ্যে সরাসরি একাডেমিতে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা হবে আগামী ৫ এপ্রিল সকাল ১০টায়। আবেদনপত্রে প্রার্থীকে ট্রেড উল্লেখপূর্বক নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্মতারিখ, অভিভাবকের মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মনিবন্ধনের সনদ, আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিভাবকের (যিনি হোস্টেলে অবস্থানকালে দেখাশোনা করবেন) পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া: ইউরিদা সাঈদ বলেন, ভর্তি পরীক্ষায় প্রার্থীদের শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় মূলত প্রার্থীদের পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের আগ্রহ এসব বিষয় দেখা হবে। তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে দুস্থ ও তালাকপ্রাপ্ত এমন অনেক মহিলা আছেন, যাঁরা নানাভাবে সুবিধাবঞ্চিত। এসব মহিলাকে এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। ভর্তি পরীক্ষায় যাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তাঁদের ১০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য ২৫০ টাকা ফি বাবদ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।’ প্রশিক্ষণ শেষে এই টাকা ফেরত দেওয়া হবে বলে জানান ইউরিদা সাঈদ। নির্বাচিত প্রার্থীদের বিনা মূল্যে থাকা-খাওয়ার সুবিধা একাডেমি থেকে পাওয়া যাবে। এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসিক ৩০০ টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে। এখানে প্রতিটি ট্রেডের প্রার্থীদের হাতেকলমে কাজ শেখানো হবে। এই প্রশিক্ষণগুলো দেবেন একাডেমির নিজস্ব প্রশিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তারা। ইউরিদা সাঈদ জানান, এই সনদ প্রার্থীর জেলা বা উপজেলা পর্যায়ের যেকোনো বিউটি পারলার, গার্মেন্টস, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি পেতে সহায়ক হবে। এ ছাড়া ঘরে বসে নিজেরা কাজ করেও ভালো আয় করতে পারবেন বলে জানান ইউরিয়া সাঈদ।
যোগাযোগ: শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি, মহিলাবিষয়ক অধিদপ্তর, জিরানী, গাজীপুর। মোবাইল: ০১৭১১৮৬৯১১৪, ০১৭৯৯৩৩৬৯১৩, ০১৯২৩০৩৫০০৬।