বিনা খরচে ভাতাসহ প্রশিক্ষণ, মিলবে চাকরির সাহায্যও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে ২০১৫ সালের এপ্রিল মাসে এবং শেষ হবে ২০১৭ সালের ডিসেম্বর মাসে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বাইওয়া)-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট বিভিন্ন কারিগরি কোর্সের ওপর প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কোর্সগুলোতে মহিলা, উপজাতি ও ক্ষুদ্র জাতিসত্তা এবং সুবিধাবঞ্চিত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যেই ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ২৭ নভেম্বরের মধ্যে। তাই এসব প্রশিক্ষণ নিয়ে চাইলে আপনিও শুরু করতে পারেন চাকরি কিংবা কর্মজীবন।

এই ধাপে মোট সাতটি কোর্সের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে লেদ মেশিন অপারেশন, মিলিং মেশিন অপারেশন, ওয়েল্ডিং, ক্যাড-ক্যাম ডিজাইন, সিএনসি অপারেশন, ইলেকট্রিক্যাল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যাড-ক্যাম ডিজাইন এবং সিএনসি অপারেশন কোর্সের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আর লেদ মেশিন অপারেশন, মিলিং মেশিন অপারেশন, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং কোর্সের প্রার্থীরা অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করতে পারবে।

লেদ মেশিন অপারেশন, মিলিং মেশিন অপারেশন, ওয়েল্ডিং এবং ক্যাড-ক্যাম ডিজাইন কোর্সগুলো ছয় মাস মেয়াদি, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং কোর্সগুলো চার মাস মেয়াদি এবং সিএনসি অপারেশন কোর্সটি এক বছর মেয়াদি দেওয়া হবে। সব কোর্সের প্রার্থীদের বয়স ১৮ বছরের ওপরে থাকতে হবে।

প্রশিক্ষণগুলো নিতে হলে www.beioa.org.bd এই ওয়েবসাইট থেকে ভর্তি ফরম সংগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণের প্রয়োজনীয় সত্যায়িত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এই প্রকল্পের কো-অর্ডিনেটর (ট্রেনিং, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) এনামুল হক খান বলেন, এসব প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে। প্রতি কোর্সে ৬০ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। সব কোর্সের প্রার্থীদের প্রশিক্ষণ শেষে শুধু কৃতকার্য প্রার্থীদের সনদ দেওয়া হবে এবং তাঁদের বিভিন্ন শিল্পকারখানায় চাকরি পেতে সহায়তা করা হবে বলে জানান তিনি। এনামুল হক আরও বলেন, এই প্রশিক্ষণগুলো অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষকের মাধ্যমে হাতে-কলমে শেখানো হবে। তাঁর মতে, এই প্রশিক্ষণগুলো নিলে একদিকে যেমন দক্ষ হবেন, অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন ও পদমর্যাদাও বৃদ্ধি পাবে।

আরও জানতে:

এই প্রশিক্ষণ-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বাইওয়া)-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট, ওয়ারী, ঢাকা ঠিকানায়। ফোন: ০২-৯৫৩২৩৭২ (এক্স: ১০৬, ১০৭), মোবাইল: ০১৭২০-০৫৬১৭৭, ০১৯১১-২১১০২২।