বিনা চিকিৎসায় কাটছে অ্যাসিডদগ্ধ তৈয়বার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রাম। এই গ্রামের দিনমজুর মোজাফফর আহমদের বাঁশের বেড়া ও টিনের ছাউনির ঘর। স্ত্রী ও ছয় ছেলেমেয়ে নিয়ে সংসার তাঁর। সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে তৈয়বা বেগমের (২২) বিয়ের দিন ছিল গত ৯ জুলাই। বিয়ের সব আয়োজনও সম্পন্ন। কিন্তু বধূবেশে শ্বশুরবাড়ি যাওয়া হলো না তৈয়বার। বিয়ের ঠিক তিন দিন আগে, অর্থাৎ ৫ জুলাই দিবাগত রাতে প্রতিবেশী অ্যাসিডে ঝলসে দিল তৈয়বার মুখমণ্ডল, নষ্ট হয় একটি চোখ। এখন বিনা চিকিৎসায় ঝুপড়িতে পড়ে থেকে পার করছেন দুর্বিষহ জীবন।

৭ আগস্ট বিকেলে ওই ঘরে গিয়ে দেখা মেলে তৈয়বার। অ্যাসিডে তাঁর মুখমণ্ডল ঝলসে গেছে। ডান পাশের চোখটি নষ্ট। তিনি প্রথম আলোকে বললেন, ‘চোখ আর মাথায় প্রচণ্ড ব্যথা করে। চোখেও দেখতে পাই না। চোখ দিয়ে পানি পড়ে।’

তৈয়বা বেগম জানান, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী নুরুল আবছার (৩২) ও তাঁর বড় ভাই ফরিদুল আলম (৪০) অ্যাসিড ছুড়ে তাঁর মুখটা নষ্ট করে দিলেন। ‘কী অপরাধ করেছিলাম আমি?’, জানতে চেয়ে তরুণী ভেঙে পড়েন কান্নায়। একটু পর বলেন, ‘আমি তাদের ফাঁসি চাই, যারা আমার জীবনটা শেষ করে দিল।’

পাশে ছিলেন তৈয়বার মা নুর আয়েশা বেগম (৪৫)। তিনি প্রথম আলোকে বলেন, ৫ জুলাই দিবাগত রাত সোয়া ৩টার দিকে তৈয়বা ঘর থেকে বাইরের বাথরুমে যান। এ সময় মেয়ের সঙ্গে তিনিও ছিলেন। হঠাৎ প্রতিবেশী বাদশা মিয়ার দুই ছেলে নুরুল আবছার ও ফরিদ আলম তৈয়বার সামনে এসে দাঁড়ান এবং নুরুল আবছার হাতে থাকা অ্যাসিড ছুড়ে মারেন তৈয়বার মুখে। তৈয়বা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে জড়ো হন আশপাশের লোকজন। এরপর তৈয়বাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। চিকিৎসক তখন বলেছিলেন, অ্যাসিডে তৈয়বার ডান চোখ নষ্ট হয়ে গেছে, ঝলসে গেছে মুখমণ্ডল।

৬ জুলাই রাতে নুরুল আবছার ও ফরিদ আলমকে আসামি করে কক্সবাজারের রামু থানায় অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ঝলসে দেওয়াসহ একটি চোখ নষ্ট করার অভিযোগ এনে অ্যাসিড অপরাধ দমন আইন ৫(ক)/৭ ধারায় মামলা করেন তৈয়বার বাবা মোজাফফর আহমদ। ওই দিন রাতে রামু থানার পুলিশ গর্জনিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নুরুল আবছারকে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা কারাগারে। তবে ফরিদ আলম এখনো ধরাছোঁয়ার বাইরে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, অ্যাসিডে তরুণীর একটি চোখ ও মুখমণ্ডল ঝলসে গেছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

তৈয়বার বাবা মোজাফফর আহমদ (৫০) বলেন, ১৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে মেয়ের চিকিৎসা চলে। কিন্তু টাকার অভাবে সেখানে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিল না। তাই ১৮ জুলাই মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। এখন বিনা চিকিৎসায় দুর্বিষহ দিনযাপন করছেন তৈয়বা। সারাক্ষণ কান্নাকাটি করেন। বিয়েটাও ভেঙে গেছে। চিকিৎসার জন্য আরও ৩ লাখ টাকা দরকার বলে জানালেন তিনি। এত টাকা তাঁর নেই। এরই মধ্যে ৫০ হাজার টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে ৩০ হাজার টাকা দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

মেয়ের ওপর অ্যাসিড ছুড়ে মারার কারণ জানতে চাইলে মোজাফফর আহমদ বলেন, ‘তিন মাস আগে আমার ছেলের সঙ্গে প্রতিবেশী বাদশা মিয়ার ছেলে নুরুল আবছারের ঝগড়া হয়। এর জেরে বাদশা মিয়ার নেতৃত্বে তার চার ছেলে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় আমিসহ তিন ছেলেমেয়ে আহত হয়।’

এ ঘটনায় মোজাফফর আহমদ বাদী হয়ে বাদশা মিয়াসহ তাঁর চার ছেলের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা করেন। মামলাটি এখন পুলিশের হাতে তদন্তাধীন। মামলাটি তুলে নিতে মোজাফফর আহমদের ওপর চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। তাতে কাজ না হলে বিয়ের তিন দিন আগে অ্যাসিডে মেয়ের মুখ ঝলসে দেওয়া হয়।

তৈয়বা বেগম বললেন, ‘যারা আমার মুখটা ঝলসে দিল, তারা হুমকি দিচ্ছে, মা–বাবা ঘর থেকে বের হলেই তুলে নিয়ে হত্যা করবে। এই ভয়ে মা–বাবা ঘর থেকেও বেরোতে পারছে না। নুরুল আবছার কারাগার থেকে হুমকি দিচ্ছে, আর ফরিদ আলম এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ ধরতে পারছে না। চরম আতঙ্কে সময় পার করছি আমরা।’

এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ও পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন, মামলার প্রধান আসামি নুরুল আবছার কারাগারে। আরেক আসামি ফরিদকে ধরতে এলাকায় অভিযান চলানো হচ্ছে, কিন্তু ধরা পড়ছেন না। প্রাণনাশের হুমকি প্রসঙ্গে পুলিশ পরিদর্শক বলেন, তৈয়বার পরিবারের প্রতি নজর রাখছে পুলিশ, যাতে কেউ কিছু ঘটাতে না পারে।

শুরু থেকে এই পরিবারের পাশে আছেন গর্জনিয়া পোয়ানগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগে তৈয়বার চিকিৎসা এবং বিয়েটা নিশ্চিত করতে হবে; পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নাহলে এলাকায় অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা আরও ঘটতে পারে। এ ইউনিয়নে আগে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেনি।