বেলা ১১টার দিকে ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে অফিস থেকে বাড়ি এসে ভাইকে দাফন করে ব্যাংকে গিয়ে ক্যাশ বন্ধ করেন জিয়াউল ইসলাম। এভাবেই ৩০ বছরের চাকরিজীবন শেষ করেছেন তিনি। চাকরিজীবনের ৩০ বছরে এক দিনের জন্যও ছুটি নেননি। দেরি করে অফিসে যাননি কোনো দিন। ঝড়-বৃষ্টি, অসুখবিসুখ, আত্মীয়স্বজনের সমস্যা বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তাঁকে কর্মস্থলে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি।১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর তিনি সোনালী ব্যাংকের রাজশাহী নগরের গ্রেটার রোড শাখায় সহকারী ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। সিনিয়র ক্যাশিয়ার হিসেবে অবসর নিয়েছেন কিছুদিন আগে। জিয়াউল ইসলামের বাড়ি রাজশাহী মহানগর এলাকার মহিষবাথান এলাকায়। তাঁর বাবা মরহুম আমজাদ হোসেন। মা মইমুনা বেওয়া। মা-বাবার তিন ছেলের মধ্যে জিয়াউল ইসলাম দ্বিতীয়।জিয়াউল ইসলাম উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করার পর রাজশাহী সাবরেজিস্ট্রি অফিসে নকলনবিশের কাজ করতেন। পরে তাঁর ব্যাংকের চাকরি হয়। তিনি জানান, প্রথম চাকরির খবরটি দিয়েছিলেন তাঁর মা। সন্ধ্যাবেলায় তাঁর মা নামাজ থেকে উঠে বললেন, তোর ব্যাংকে চাকরি হয়েছে। তিনি বলেন, তাঁর মা সেদিন তাঁকে একটা প্রবাদ বাক্য শুনিয়েছিলেন। ‘উত্তম খ্যাতি মধ্যম বান, নির্ঘিন চাকরি ভিক নিদান।’ ‘কাজের প্রতি ঘৃণা না থাকলে তুমি চাকরি করতে পারবে। ভাতেরও ঠেকা হবে না।’ তিনি মায়ের এ কথা শিরোধার্য করে নিয়েছেন। তাঁর সহকর্মীরা অনেকে ছুটি-ছাটায় যান। ওপর কাজ ফেলে বাইরে বেড়াতে বের হন। কিন্তু জিয়াউল ইসলামের ছুটির ধার ধারেন না। জিয়াউল ইসলাম রাজশাহী মহানগরের ভেতর অবস্থিত করপোরেট শাখাসহ বিভিন্ন শাখা ও নগরের বাইরে মোহনপুর ও পবা উপজেলায় চাকরি করেছেন। বরাবরই বাড়ি থেকে অফিস করেন। প্রথম দিকে বাইসাইকেলে অফিস যেতেন, পরে স্টাফ বাসে যাতায়াত করেন। তিনি বলেন, ১৯৮৯ সালে তাঁর একবার কঠিন ডায়রিয়া হয়েছিল। বিছানা থেকে উঠতে পারছিলেন না। কিন্তু মনের ভেতর প্রচণ্ড জোর অনুভব করছিলেন। যে করেই হোক, অফিসে যাবেনই। শেষ পর্যন্ত তিনি সেদিন অফিসে যান।জিয়াউল ইসলাম বলছিলেন, ২০০৬ সালের ২১ ডিসেম্বর সাভারে সড়ক দুর্ঘটনায় তাঁর একমাত্র মেয়ের জামাই মারা যান। এ খবর পেয়েও তিনি সেদিন অফিসে যান। তাঁর স্ত্রী নাসিমা ইসলাম সেদিন তাঁকে অফিসে যেতে খুব বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তুমি অফিসে যেয়ো না। কাজে ভুল করবে।’ তার পরও তিনি অফিসে গেছেন। সেদিন তিনি কোনো কাজে ভুলও করেননি।জিয়াউল ইসলাম সারা জীবন এভাবেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। আজ থেকে প্রায় ১৭ বছর আগে ১৯৯৩ সালের ২৩ ডিসেম্বর তিনি চাকরিতে শেষ পদোন্নতি পেয়েছেন। তিনি সোনালী ব্যাংকের রাজশাহীর মোহনপুর উপজেলার সদর শাখায় কর্মরত ছিলেন। এখন আছেন অবসরপূর্ব ছুটিতে। ব্যাংকের ব্যবস্থাপক শাহজাহান আলী বলেন, ‘জিয়াউল ইসলাম তাঁর চাকরিজীবনে এক দিনের জন্যও নৈমিত্তিক ছুটি না নিয়ে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আমাদের শাখার তথা সোনালী ব্যাংকের অহংকার।’বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরদোরের অবস্থা অত্যন্ত করুণ। ব্যাংকের চাকুরেদের সাধারণত বাড়ি করার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হয়। সেই ঋণও জিয়াউল ইসলাম গ্রহণ করেননি। তাঁর ভয়, যদি ঋণ গ্রহণ করার পর শোধ করার আগেই তিনি মারা যান, তখন তাঁকে ঋণখেলাপি হিসেবে মৃত্যুবরণ করতে হবে।জিয়াউল ইসলামের দুই সন্তানের মধ্যে মেয়েকে স্নাতক পাসের পর বিয়ে দিয়েছেন। ছেলে হাসান জুবায়ের স্নাতক শ্রেণীতে পড়ছেন। হাসান জুবায়ের বলেন, ‘আমার বাবা বলে বলছি না। তিনি অত্যন্ত স ৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি তাঁর কর্মক্ষেত্রকে এতটাই ভালোবাসেন যে তিনি পরিবারের সদস্যদের চেয়ে সব সময় কর্মস্থলকে অগ্রাধিকার দিয়ে থাকেন।’জিয়াউল ইসলামের মা মইমুনা বেওয়ার বয়স এখন ৯৫ বছর। এখনো চলাচল করতে পারেন। তিনি বললেন, ‘আমার ছেলে খুব ভালো। কোনো দিন অফিস কামাই করেনি।’ তাঁর স্ত্রী নাসিমা ইসলাম জানান, তাঁর স্বামী শুক্র-শনিবার ছুটির দিনেও তাঁকে সময় দেন না। ছুটি পেলে জায়গাজমি দেখতে যান। তবে এ জন্য তিনি আর এখন কোনো মন খারাপ করেন না। তিনি জানান, তিনি উচ্চমাধ্যমিক পাস করা এবং একজন গৃহিণী। তিনি আরও বলেন, ‘কোনো দিন তিনি আমাকে নিয়ে বাইরে যেতে পারেননি। অবসর নেওয়ার পর তিনি আমাকে এই দুটো জায়গায় বেড়াতে নিয়ে যেতে চেয়েছেন। আগে বলতাম, তুমি এমন কেন? এখন আর বলি না। বরং এখন তাঁকে নিয়ে গর্ব অনুভব করি। ভালো লাগে। মনে হয়, এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্যরা উ ৎ সাহিত হবেন।’