৫ সেপ্টেম্বর ১৯৬২৷ এই দিনে আসাম হয়ে কুড়িগ্রামে পা রাখেন রাজনৈতিক সন্ত বিনোবা ভাবে৷ পাসপোর্ট বিহীন ৷ কেমন ছিল তাঁর সেই সফর?
বিনা পাসপোর্টে রাষ্ট্রীয় সফর

রাজনৈতিক সন্ত হিসেবে আচার্য বিনোবা ভাবে মহাত্মা গান্ধীর পরে ভারতে সর্বাধিক পরিচিত ব্যক্তি। গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তবে তাঁর মূল লক্ষ্য ছিল সমাজসংস্কার।
বিনোবা ভাবে একবার পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তাঁর তো কোনো পাসপোর্ট নেই। তাঁর পদযাত্রার পরিকল্পনার কথা কেন্দ্রীয় সরকারকে জানালে প্রেসিডেন্ট আইয়ুব খান তাঁকে বাংলাদেশে আসার এবং যত দিন ইচ্ছা থাকার অনুমতি দেন। ৫ সেপ্টেম্বর ১৯৬২ সফরসঙ্গীসহ তিনি আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁকে শুধু নিরাপত্তা নয়, সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। পাকিস্তান সরকারের আতিথেয়তায় তিনি মুগ্ধ হন। প্রেসিডেন্ট আইয়ুবের অতিথি হিসেবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকেন। সাধারণ মানুষও তাঁর অহিংসা ও সম্প্রীতি কর্মসূচির আহ্বানে সাড়া দেন। তাঁর ভাষায়:
‘পূর্ব পাকিস্তানে আমরা ১৬ দিন পদযাত্রা করেছি। একেবারে প্রথম দিনই এক মুসলমান ভদ্রলোক এসে তাঁর একখণ্ড জমি দান করতে চাইলেন। তাঁর কৃষিজমি ছিল চার একর। তার থেকে এক একর আমাকে দিলেন, ভূমিহীনদের জন্য। আমি আনন্দে তাঁর কাঁধে হাত রেখে বললাম, আমি আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করি। তার চোখে পানি দেখতে পেলাম। এই প্রথম দানটি ছিল অতি পবিত্র ও মূল্যবান। তারপর থেকে প্রতিদিনই কিছু না কিছু জমি দান হিসেবে পেয়েছি।
‘পূর্ব পাকিস্তানে প্রবেশের পর প্রথম দুই বা তিন সমাবেশে মানুষ “পাকিস্তান জিন্দাবাদ” ধ্বনি দিয়ে আমাকে স্বাগত জানাত। প্রত্যুত্তরে আমি বলতাম, “জয় জগৎ।” জগতের সব মানুষের জয় ও মঙ্গল হোক। এক পর্যায়ে সবাই রাজনৈতিক স্লোগান না দিয়ে “জয় জগৎ” ধ্বনি দিতে থাকে।’
বিনোবাজীর পদযাত্রায় নোয়াখালী থেকে চারু চৌধুরীর নেতৃত্বে যোগ দিয়েছিলেন একদল গান্ধীবাদী সমাজকর্মী। সিলেট থেকে নিকুঞ্জবিহারী গোস্বামী, পূর্ণেন্দু সেনগুপ্ত, সুহাসিনী দাস প্রমুখ, ময়মনসিংহ-নেত্রকোনা থেকে দুর্গেশ পত্রনবীশ প্রমুখ, ঢাকা-মানিকগঞ্জ থেকে প্রমথনাথ নন্দীসহ প্রায় ৮০ জন তাঁর পদযাত্রায় অংশ নেন। তাঁর নিরাপত্তার জন্য দেওয়া হয় ১৫ জনের একটি পুলিশ স্কোয়াড।
নোয়াখালী গান্ধী আশ্রমের পরিচালক চারু চৌধুরী ছিলেন বিনোবা ভাবের ভক্ত। তাঁদের মধ্যে যোগাযোগ ছিল চিঠিপত্রে ও অন্যান্যভাবে।
বিনোবা ভাবের পূর্ব পাকিস্তান সফরের পর এখানে তার প্রভাব পড়েছিল। শুধু গান্ধীবাদীদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও। পশ্চিমবঙ্গের একজন নিবেদিত গান্ধীবাদী নেত্রী আশালতা দেবীকে লেখা চারু চৌধুরীর একটি চিঠি থেকে তা জানা যায়:
শ্রীমতি আশালতা দেবী, আর্য্যনায়কম।
বিনোবা পদাযাত্রীদল। পশ্চিমবঙ্গ।
শ্রদ্ধেয় আশা দিদি! আপনার কাছেই লিখছি। স্নেহ ত যথেষ্টই পেয়েছি। বিষ্ণুর সহস্রনাম স্তোত্র (পুস্তিকার মত ছাপান) যদি আপনার কাছে থাকে (পূ: বঙ্গে ত ছিল না) তা হলে নিচের ঠিকানায় অনুগ্রহ করিয়া পাঠাইয়া দিতে অনুরোধ করিতেছি। হিন্দীতে (অক্ষরে) ছাপান না থাকিলে জানাইবেন।

‘পূর্ব পাকিস্তানে বাবার [বিনোবার] স্বল্পকালীন পদযাত্রায় যোগদান করতে পেরে আমরা ধন্য ও কৃতার্থ হয়েছি। তিনি আমাদের মরা গাঙ্গে, তৃষিত মরুতে প্রেমের বন্যা বহিয়ে দিয়ে গেলেন। ক’টা দিন বাবাকে নিকটতম সান্নিধ্য পেয়েছি, সঙ্গে সঙ্গে পদ অনুসরণ করে চলেছি, পদতলে উপবেশন করে কত মধুমালা অমৃতময় বাণী শুনেছি—প্রাণভরা কতই না ভালোবাসা পেয়েছি—তা জীবনের পরম...৷’ [পরবর্তী কয়েক লাইন পোকায় কাটায় উদ্ধার করা সম্ভব হয়নি।]
১৮৯৫ সালের ১১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের রায়গড় জেলার গাগোড় গ্রামে বিনোবার জন্ম। ১০ বছর বয়সে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন। ২১ বছর বয়সে গান্ধীজির আশ্রমে গিয়ে যোগ দেন। বহুবার কারাবরণ করেন। শেষবার ১৯৪২ থেকে ’৪৫ পর্যন্ত জেলে কাটান। জেল থেকে বেরোনোর সময় সিদ্ধান্ত নেন, দরিদ্রের সেবায় জীবন উৎসর্গ করবেন। শুরু হয় তাঁর পদযাত্রা, ১৯৫১ থেকে তিনি শুরু করেন ‘ভূ-দান যজ্ঞ’: ধনীর উদ্বৃত্ত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ। তাঁর মতে, বায়ু, পানি, ভূমি ঈশ্বরের সম্পদ—ব্যক্তির নয়।
বহু বই লিখেছেন বিনোবা ভাবে। তাঁর প্রথম বই গীতাই —মারািঠ ভাষায় গীতার কাব্যানুবাদ। বিক্রি হয়েছে ৪০ লাখ কপির বেশি। তাঁর টকস অন দ্য গীতা ২৪টি ভাষায় তর্জমা হয়েছে। ঋগ্বেদ থেকে নির্বাচিতঅংশ অনুবাদ করেছেন। নাম ঋগ্বেদ-সার । মুভড বাই লাভ —তাঁর আত্মজীবনীমূলক স্মৃতিকথা। প্রকাশিত বিনোবা সাহিত্য (হিন্দ) ২১ খণ্ড, ১১০০ পৃষ্ঠা।
ইসলাম, শিখ, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্ম সম্পর্কে তাঁর যথেষ্ট পড়াশোনা ছিল। তাঁর দ্য এসেন্স অব দ্য কোরআন বইটি কোরআনের বিভিন্ন সুরার অনুবাদ ও ব্যাখ্যা। ইংরেজি ও নাগরি দুই ভাষাতেই তাঁর কোরআন প্রকাশিত হয়েছে। তাঁর আর দুটি বই লোকনীতি রাজনীতি ও রাজনৈতিক চিন্তাধারা বিষয়ে স্বরাজ্য শাস্ত্র ।
বিনোবা ভাবের অনুসারী ও তাঁর কন্যাপ্রতিম ‘আধ্যাত্মিক কন্যা’ পরিব্রাজিকা রাজাম্মা কেরালার থিরুবানন্দপুরাম-এ ‘বিনোবানিকেতন’ নামে একটি আশ্রম পরিচালনা করেন। এটি একটি গান্ধীবাদী সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সেই আশ্রম পরিদর্শনের সময় আমি রাজাম্মা থেকে বিনোবা ভাবের কর্ম ও জীবনদর্শন সম্পর্কে বহু বিচিত্র বিষয় অবগত হই। কী অসামান্য সাধারণ ছিল তাঁর জীবনযাপন। তিন পোয়া দুধ ও তিন-চারটি চা–পাতি ছিল সকাল, দুপুর ও সন্ধ্যায় তাঁর সারা দিনের আহার্য।
নানা সময় বিতর্কেরও জন্ম দিয়েছেন তিনি। তাঁর ভূ-দান আন্দোলনের বামপন্থীরা সমালোচনা করেছেন। ১৯৭৯ সালে গো-হত্যা বন্ধে অনশন করে বিনোবা বিতর্কের সৃষ্টি করেন। দ্বিতীয়বার ’৮২-র জানুয়ারিতে গো-হত্যার বিরুদ্ধে মুম্বাইতে সত্যাগ্রহ করেন। ওই বছরেরই ১৫ নভেম্বর মারা যান।