বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হচ্ছেন জাফর
দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ আসন থেকে জাফর আলম ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মো. ইলিয়াছ ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। ৫ ডিসেম্বর মো. ইলিয়াছ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় এখন জাফর আলমই একমাত্র প্রার্থী। ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
মো. ইলিয়াছ বলেন, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশের পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
জাফর আলম বলেন, ‘৪০ বছর ধরে আওয়ামী লীগের হাতছাড়া এ আসনটি ফিরিয়ে আনাই ছিল লক্ষ্য। আমি আশা করেছিলাম, বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং তাঁদের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হব।’
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির প্রার্থী মো. ইলিয়াছ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। ১৩ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিনে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আ.লীগ প্রার্থী জাফর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে।