বিনা পয়সায় পাল্টান ঘরদোরের সাজ

ইদানীং নিজের বাড়ির ঘরগুলোকে মুখস্থ হয়ে যাওয়ার মতো একঘেয়ে মনে হচ্ছে? অথচ বিনা পয়সায় পাল্টে নিতে পারেন ঘরের চেহারা। অনেক দিন ধরে ঘরের একই জায়গায় থাকা আসবাবগুলোকে নতুন করে সাজিয়ে দেখতে পারেন। পুরোনো আসবাবের জায়গা খানিক বদলে পাল্টে দিতে পারেন পুরো বাড়ির চেহারা।
কোনায় থাকুক বুকশেলফ
বুকশেলফটি হয়তো এমন জায়গায় রেখেছেন, যেটি বাসায় ঢোকার মুখেই পড়ে। এটি ঘরের কোনো এক কোনায় রাখলেই ভালো দেখাতে পারে। শেলফটি সুবিধাজনক জায়গায় রাখুন, যাতে হাঁটাচলায় সমস্যা না হয়।
সরিয়ে নিন সোফাগুলোও
অধিকাংশ বাড়িতে হয়তো জানালার সামনেই সোফাগুলো রাখা হয়। তাতে করে বাধ্য হয়েই সব সময় জানালা বন্ধ রাখতে হতে পারে। আবার জানালা খুললে দেখা যায় ধুলোবালি এমনকি বৃষ্টির পানিতেও নষ্ট হয়ে যাচ্ছে সোফা। তাই এমন জায়গায় সোফাটি রাখুন, যেখানে রাখলে বসে আরাম পাবেন এবং সোফাগুলোও নষ্ট হবে না।
খুঁজে পাওয়া
হয়তো ভাবছেন ড্রয়ার কিংবা দরজার চাবি হারিয়ে ফেলেছেন! ঘরের আসবাবগুলোর জায়গা পাল্টানোর সময় সেগুলো পেয়েও যেতে পারেন। কে জানে ভুলবশত খাট কিংবা সোফার নিচে লুকিয়ে আছে হারানো জিনিসটি!
ঝেড়ে ফেলুন জমে থাকা ময়লা
ঘরের মেঝে হয়তো প্রতিদিনই ধোয়ামোছা করেন। মাঝেমধ্যে টেবিল-চেয়ারের নিচেও ঝাড়ু দেন। কিন্তু খাটের নিচ অথবা সোফার নিচ নিয়মিত পরিষ্কার করা হয় না। সেখানে দিনের পর দিন ধরে রীতিমতো ময়লার স্তর পড়ে যায়। আসবাব নাড়াচাড়ার সময় সহজে পরিষ্কার করে নিতে পারেন অনেক দিনের জমে থাকা ময়লা।
জায়গা বাড়ান
ছোট্ট সংসার। তাই ছোট বাড়ি। দিনে দিনে টুকটাক জিনিসপত্রের সংখ্যা বেড়ে ছোট বাড়ি আরও ছোট করে দিয়েছে! এ ক্ষেত্রে আসবাবের জায়গা পরিবর্তনে ঘরের জায়গাও খানিকটা বড় মনে হতে পারে। তাই এমন জায়গায় এসব আসবাব রাখুন, যাতে বাসার ভেতরে চলাফেরা করতে সুবিধা হয়।