আগে দালালেরা মাথাপিছু ২০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লোকজনকে মালয়েশিয়া পাচারের জন্য সমুদ্রে ঠেলে দিতেন। আর এখন সেখানে বিনা পয়সায় নেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে উৎসাহিত করা হচ্ছে। ফলে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা না কমে বরং আরও বাড়ছে। অথচ ৪০ হাজার টাকা দিয়ে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ রয়েছে এ তথ্য গ্রামের মানুষ জানেই না।
গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া বাজারে দাঁড়িয়ে মানবপাচার প্রসঙ্গে কথাগুলো বলছিলেন শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন এলাকার অন্তত ৩০০ দালাল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদেশে মানবপাচারে জড়িত। এদের প্রত্যেকের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখযোগ্য দালালেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মো. রব্বানী, মো. শাকের, নুর হোসেন, মনু মিয়া, মোয়াজ্জেম হোসেন ও গুরা মিয়া।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, দালালেরা বিনা পয়সায় বিদেশ নেওয়ার কথা বলে যাত্রীদের ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেন। তাঁদের থাইল্যান্ড নিয়ে আটকে রেখে মাথাপিছু এক লাখ ২০ হাজার টাকা দাবি করা করা হয়। টাকা দিতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কম টাকায় শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে পর্যায়ক্রমে ওই টাকা আদায় করা হয়।
মানবপাচারের বিষয়টি স্বীকার করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল বলেন, দালালচক্র গত ১১ ফেব্রুয়ারি ২১১ যাত্রীকে দুটি ট্রলারে করে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব-দক্ষিণ সাগর এলাকা দিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে মিয়ানমারের দিকে যাওয়ার সময় মৌলভীরশীল নামক স্থান থেকে ট্রলার দুটিসহ যাত্রীদের আটক করা হয়। এর মধ্যে দুই ট্রলারের ১১ শ্রমিক ছাড়াও মিয়ানমারের নারী-পুরুষ ও শিশু রয়েছে ১০৬ জন। বাকি ১০৫ জন গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, নাটোর, সাতক্ষীরা, যশোর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও কক্সবাজার জেলার বাসিন্দা।
হবিগঞ্জের বানিয়াচং গ্রামের সেলিম মিয়া (৩০) জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য স্ত্রীর স্বর্ণ বিক্রি করে তাঁরা নয় জন কক্সবাজার আসেন। গত ১ ফেব্রুয়ারি রাতে টেকনাফের মুন্ডারডেইল ঘাট থেকে স্থানীয় দালাল রব্বানি তাঁদের একটি ছোট নৌকায় তুলে দেন। এ সময় নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁদের ইংরেজিতে থাইল্যান্ডের দালাল আয়াছের নাম লেখা একটি করে গেঞ্জি পরিয়ে দেওয়া হয়। পড়ে নৌকাটি সেন্টমার্টিনের কাছাকাছি আরেকটি ট্রলারে তুলে দেওয়া হয়। ট্রলারের একটি কক্ষে ১০ দিন রাখার পর ১১ ফেব্রুয়ারি তুলে দেওয়া হয় আরেকটি ট্রলারে। পরের দিন সকালে কোস্টগার্ড ২১১ যাত্রীসহ কার্গো দুটি আটক করে। জানা গেছে, এর আগে গত ৪ জানুয়ারি সেন্টমার্টিন এলাকায় সাগর থেকে একটি কার্গো ট্রলারসহ ৫৩ যাত্রীকে আটক করে নৌবাহিনী। তাঁদের মধ্যে ১২ জন মিয়ানমারের নাগরিক।
সূত্র জানায়, মিয়ানমারের আকিয়াব থেকে কাঠসহ মালবাহী কার্গো ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসে। আর ফেরার সময় এসব ট্রলারে মালয়েশিয়া ও থাইল্যান্ডগামী যাত্রীদের তুলে দেওয়া হয়। ২১১ যাত্রীসহ জব্দ করা কার্গো ট্রলার দুটিও টেকনাফ স্থলবন্দর থেকে কাঠ নিয়ে এসেছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, আগে দালালেরা অল্প টাকায় গরিব লোকজনকে মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে নৌকায় তুলে দিতেন। এখন টাকা ছাড়াই যাওয়ার লোভে বিশেষ করে উত্তরাঞ্চলের বেকার-গরিব তরুণ-যু্বকেরা এ পথে পা দিচ্ছেন। প্রায় প্রতিদিন র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দালালসহ অনেকে আটক হলেও পাচার বন্ধ হচ্ছে না।