বিনা ভাড়ায় বাসে চড়ার সুযোগ বয়স্ক ব্যক্তিদের শারীরিক সক্রিয়তা বাড়ায়। এ সুযোগ তাঁদের হাঁটাহাঁটি, ভ্রমণে উৎসাহিত করে। এতে হূদেরাগসহ নানা স্বাস্থ্য-সমস্যার ঝুঁকি কমায়।১৬ হাজার ৯০০ মানুষের ভ্রমণ অভ্যাসের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। বিজ্ঞান সাময়িকী আমেরিকান জার্নাল অব পাবলিক হেল্থ-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন দি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের স্কুল অব পাবলিক হেলথের গবেষকেরা।ব্রিটেনে ২০০৬ সালে ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বাসের ফ্রি পাস চালু করা হয়। সেবাটি চালুর এক বছর আগে থেকে অর্থাৎ ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ন্যাশনাল ট্রাভেল সার্ভের তথ্য-উপাত্য পর্যালোচনা করেন গবেষকেরা। একই সঙ্গে যাঁদের বিনা ভাড়ায় গাড়িতে চড়ার পাস আছে এমন ১১ হাজার ২১৮ জন এবং পাস নেই এমন পাঁচ হাজার ৬৯৩ জনের ভ্রমণ-বৃত্তান্ত দেখা হয়। এসব তথ্য পর্যালোচনা করে দেখা যায়, যাঁদের বাসের ফ্রি পাস আছে, তাঁরা আরও বেশি চলাফেরা ও ভ্রমণ করতে উৎসাহিত হচ্ছেন। সপ্তাহে তিন থেকে চার দিন হাঁটাহাঁটি করছেন, সাইকেল চালাচ্ছেন এবং গণপরিবহন ব্যবহার করছেন।একই সঙ্গে দেখা গেছে, লন্ডনে বা লন্ডনের উপকণ্ঠে বসবাসকারী ৭০ বছরের ঊর্ধ্ব বয়সী নারীদের মধ্যে যাঁদের বাসে চড়ার ফ্রি পাস আছে, তাঁরা অন্যদের তুলনায় বেশি বাসে চলাফেরা এবং হাঁটাহাঁটি করছেন।দি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের স্কুল অব পাবলিক হেলথের গবেষক সোফি করোনিনি-ক্রনবার্গ বলেন, বয়স্ক ব্যক্তিদের বিনা ভাড়ায় বাসে চলাচলের এই সেবাটি জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক। বিবিসি।