পটিয়া, মিরসরাই, রামু ও কাপ্তাই প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী
বিনা মূল্যে চিকিৎসা, রোগীদের খাবার পরিবেশন এবং সচেতনতামূলক প্রচারণায় বন্ধুরা
পটিয়া: প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া বন্ধুসভার উদ্যোগে শোভনদণ্ডি ইউনিয়নের রশিদাবাদ গ্রামে দুই শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে ৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎসাসেবা দেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সৈয়দ সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা জয় দত্ত বড়ুয়া ও আয়ুব নবী। ক্যাম্পের উদ্বোধনী সভায় বক্তব্য দেন চট্টগ্রামের লোকসংগীতশিল্পী আবদুল গফুর হালী, প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বন্ধুসভার সভাপতি আবদুল্লা ফারুক, সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী প্রমুখ। আবদুল গফুর হালী বলেন, সাংবাদিকেরা হচ্ছেন সমাজের আয়না। প্রথম আলো সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তাই সকলের প্রিয় এবং একটি গ্রহণযোগ্য পত্রিকা হিসেবে অল্পদিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। পটিয়া প্রতিনিধিমিরসরাই: প্রথম আলোর ১৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়কের প্রচারণা চালিয়েছেন। বন্ধুরা বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় এক হাজার যানবাহনের চালকের মাঝে এই প্রচারণা চালান।বন্ধুসভা মিরসরাই ইউনিটের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দীনের নেতৃত্বে ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বন্ধুরা মহাসড়কে মিরসরাই সদর অংশে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় গাড়িচালক, পথচারীরা বন্ধুদের এই উদ্যোগকে স্বাগত জানান।ঢাকাগামী বাসের চালক জাভেদুল হক, নোয়াখালীগামী বাসচালক সাইফুল হোসেন, কুমিল্লাগামী ট্রাকচালক সুজল হক ও অটোরিকশাচালক মো. রবিউল হোসেন জানান, একটু সাবধানে গাড়ি চালালে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাঁরা সবাই ঈদের আগ মুহুর্তে এই ধরনের প্রচরণা চালানোয় বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় বন্ধুরা মিরসরাই প্রেসক্লাবে জড়ো হন। সাড়ে ১০টায় শুরু হয় এই ব্যতিক্রমী প্রচারণা। ঘণ্টাব্যাপী এই প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বন্ধুরা।‘নিরাপদ সড়ক চাই’ প্রচারণা শেষে প্রেসক্লাবে ফিরে এসে কেক কেটে পালন করা হয় প্রথম আলোর জন্মদিন। এর ফাঁকে চলে কুইজ প্রতিযোগিতা। পুরস্কার প্রদান করেন বন্ধুসভার সভাপতি বোরহান উদ্দীন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রথম আলো মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর। মিরসরাই প্রতিনিধিকাপ্তাই: কর্ণফুলী নদী দূষণ না করা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে কাপ্তাইয়ে পালন করা হয় প্রথম আলোর ১৩তম বর্ষপূর্তি উৎসব।বন্ধুসভার সদস্যরা নদীর পাশে ঝুলন্ত পায়খানা ব্যবহার না করা এবং গৃহস্থালী, কলকারখানা ও হাট-বাজারের বর্জ্য ফেলে নদীর পানি দূষণ না করার আহ্বান জানিয়ে নতুন বাজার, বরইছড়ি বাজার, দোভাষী বাজার ও কলাবাগানে প্রচারণা চালায়। প্রতিটি বাজারে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন তৈরি এবং তা নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন তাঁরা।এ ছাড়াও লেখাপড়ার পাশাপাশি গ্রন্থাগার থেকে গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনি, মনিষীদের জীবনীসহ বিভিন্ন রকম বই পড়ার জন্য নুরুল হুদা কাদেরী স্কুল, কেআরসি স্কুল, চিৎমরম স্কুল, ওয়াগ্গা স্কুল এবং কর্ণফুলী কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। প্রথম আলোর উদ্যোগ এবং বন্ধুসভার আয়োজনের প্রশংসা করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান আহমেদ। কাপ্তাই প্রতিনিধিরামু: এক দিনের নাশতার খরচ বাঁচিয়ে হাসপাতালের ৫০ জন দুস্থ রোগীর মুখে খাবার তুলে দিলেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এ ছাড়া এলাকাবাসীর ভোগান্তি দূর করতে শ্যাওলা-জলাশয়ে ভরা একটি মজা পুকুরও পরিষ্কার করেছেন তাঁরা। অতঃপর সন্ধ্যায় ফানুস বাতি ওড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়। প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (৪ নভেম্বর) কক্সবাজারের রামু উপজেলায় বন্ধুসভা এসব কর্মসূচি পালন করে। সকাল ১১টায় রামু উপজেলা হাসপাতালে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সুনীল বড়ুয়া। বন্ধুসভার সভাপতি অধ্যাপক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিজামুল হক, রামু হাসপাতালের কর্মকর্তা ডা. তুষিত বড়ুয়া, অধ্যাপক মুজিবুল হক, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, আখতারুল আলম ও দর্পণ বড়ুয়া। ইউএনও শহীদ মো. ছাইদুল হক বলেন, ‘বন্ধুসভার ছাত্র বন্ধুদের এক দিনের খরচের টাকা বাঁচিয়ে দুস্থ রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ একটি অনন্য দৃষ্টান্ত। এভাবেই ভালো কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমি সরকারের প্রতিনিধি হিসেবে এ উদ্যোগকে স্বাগত জানাতে এখানে এসেছি।’আরও বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজনীন আকতার, সহসভাপতি ঝন্টু বড়ুয়া, সংগীত বড়ুয়া, মন্দিরা বড়ুয়া, চিকু বড়ুয়া, দীপক বড়ুয়া, সোয়েব সাঈদ, আল মাহমুদ প্রমুখ। বন্ধুসভার সভাপতি অধ্যাপক নীলোৎপল বড়ুয়া জানান, হাইটুপী ও শ্রীকুল দুই গ্রামের মধ্যে অবস্থিত পুকুরটি শ্যাওলায় ভরে উঠেছিল। যে কারণে পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাই মজা পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। রামু প্রতিনিধি