বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন দুর্গম দুই ইউপির মানুষ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ও চেঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) মধু রঞ্জনপাড়া, কৃষ্ট মনিপাড়া, সীমানাপাড়া, শনখোলাপাড়া, হারুবিল, রুপসেনপাড়া, প্রশান্ত কার্বারীপাড়া, হাতিমারা, ঘিলাতলী গ্রামের দুই শতাধিক বাসিন্দা বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন। বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অস্থায়ী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। শনখোলা সীমান্ত ফাঁড়িতে ডা. ক্যাপ্টেন আব্দুলাহ আল-আমিন চিকিৎসাসেবা দেন।চিকিৎসা নিতে আসা শনখালাপাড়ার কমলিকা চাকমা (৬০) বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ। পানছড়ি সদরে যেতে পারি না। আর যেতে অনেক টাকা দরকার হয়। বাবুরা এসেছে, টাকা-পয়সা ছাড়াই ওষুধ দিয়েছে।’ আরেক বাসিন্দা স্বপ্না চাকমা বলেন, ‘পানছড়ি সদর হাসপাতালে গেলে টাকা দিয়েও ভালো চিকিৎসা পাই না। এখানে বিনা মূল্যে ভালো চিকিৎসা পাই। সঙ্গে ওষুধও দেয়। ইন্দ্র কুমার চাকমা (৮০) ও আচাই থ্যঙ প্রু মারমা জানান, মাসে কমপক্ষে চার দিন সীমান্ত এলাকার গ্রামগুলোতে বিজিবি লোগাং জোন বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।