বিনা মূল্যে বিতরণের সরকারি ওষুধ দোকানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিনা মূল্যে বিতরণের ওষুধ উদ্ধার করেছে। এ সময় কাজী আবুল কাশেম নামের একজন ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়। ২৪ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।জানা যায়, উপজেলার মেরুং বাজারের কাজী ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের মালিক কাজী আবুল কাশেম দীর্ঘদিন নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় দোকান থেকে বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া সরকারি প্রতিষ্ঠানের ওষুধ সেফ্রাডিন ক্যাপসুল, মক্সিসিলিন ইনজেকশন, সিপ্রোফ্লকসাসিন ট্যাবলেটসহ ১০ হাজার ৮৬২ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়। কাজী আবুল কাশেম আদালতকে জানান, সরকারি ওষুধগুলো উপজেলা রশিকনগর উপস্বাস্থ্যকেন্দ্রের এম এল এস রুহুল আমিনের কাছ থেকে কিনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম সরকারি ওষুধ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কাজী আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেড় শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সরকারি কর্মচারী রুহুল আমিনের বিরুদ্ধে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।