বিনা মূল্যে ভাতাসহ প্রশিক্ষণ পাবে ১০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের শর্তানুযায়ী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্য থেকে ৭০ শতাংশ প্রশিক্ষণার্থীর চাকরির ব্যবস্থা করবে

.
.

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেপ) প্রকল্পের আওতায় দেশের নারী-পুরুষদের বিনা মূল্যে ভাতাসহ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। সারা দেশের যুবদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তা গড়ে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য। আগামী তিন বছরে সারা দেশে ১০ হাজার ২০০ জনকে মোট ১২টি ট্রেড কোর্সে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা বিভাগে ৩ হাজার ৯০০ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৭০০ জন, রাজশাহী, রংপুর, খুলনা ও বগুড়ায় ৭৭৫ জন করে, সিলেট ও বরিশাল বিভাগে ৭৫০ জন করে এ প্রশিক্ষণের সুযোগ পাবে। প্রকল্প সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে নারী, প্রতিবন্ধী ও অনগ্রসর এলাকার মানুষের জন্য ১৫ শতাংশ কোটা সংরক্ষণ থাকবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচিত সারা দেশের আটটি প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসিক ও অনাবাসিক এসব প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ বাংলাদেশ, কারিতাসের সহায়তায় পরিচালিত মটস, ইউসেপ বাংলাদেশ, টিএমএসএস, উদ্দীপন, বিআইআইটি ইঞ্জিনিয়ার্স লিমিটেড, পিস অ্যান্ড রাইটস ডেভেলপমেন্ট অব সোসাইটি এবং ক্রিয়েটিভ আইটি লিমিটেড। প্রশিক্ষণ শুরুর আগে এসব প্রতিষ্ঠান বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি করবে। তিন মাস পরপর প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। এরই মধ্যে জানুয়ারি থেকে জুন মেয়াদে প্রথম পর্বের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই খোঁজখবর নিয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনিও শুরু করতে পারেন কর্মজীবন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের উপমহাব্যবস্থাপক ও সেপ প্রকল্পের ডেপুটি চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবুল বশর জানান, প্রকল্পের শর্তানুযায়ী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্য থেকে ৭০ শতাংশ প্রশিক্ষণার্থীর চাকরির ব্যবস্থা করবে। আইসিটি, গার্মেন্টস, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্সসহ মোট পাঁচটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রমকে দুটি পদ্ধতিতে ভাগ করা হয়েছে—স্কিল ট্রেনিং এবং আপ স্কিল ট্রেনিং পদ্ধতি। স্কিল ট্রেনিং পদ্ধতিতে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি, লেদ মেশিন অপারেশন ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স কোর্সে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। আর সোয়েটার, নিটওয়্যার অ্যান্ড ওভেন মার্চেন্ডাইজিং, অটোমোবাইল মেকানিক, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রফেশনাল ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ও আইটি মেইনটেন্যান্স অ্যান্ড সার্ভিসিং কোর্সে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে, আপ স্কিল পদ্ধতিতে তিন মাস মেয়াদি প্রফেশনাল ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। আবুল বশর বলেন, স্কিল ট্রেনিং কোর্সগুলো শুধু নতুনদের জন্য প্রযোজ্য হবে। আর আপ স্কিল কোর্সগুলো যাঁরা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাঁরা করতে পারবেন।
ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স কোর্সের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান পাস। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রফেশনাল ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ও আইটি মেইনটেন্যান্স কোর্সের প্রার্থীদের এইচএসসি বা ডিপ্লোমা-ইন-সিএসই পাস হতে হবে। লেদ মেশিন অপারেটর ও অটোমোবাইল মেশিন কোর্সের প্রার্থীরা অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করতে পারবে। শুধু সোয়েটার, নিটওয়্যার অ্যান্ড ওভেন মার্চেন্ডাইজিং প্রার্থীদের স্নাতক বা সমমান উত্তীর্ণ লাগবে। কোর্স ভেদে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। আপ স্কিল কোর্সের প্রার্থীদের বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। তিন বছরে মোট ৪০৮টি ব্যাচের আওতায় প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হবে। সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পত্রিকা ও অন্যান্য মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন চেয়ে বিজ্ঞাপন প্রচার করবে। এই বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী আবেদন করতে হবে। সূত্র জানায়, আবেদন বেশি জমা পড়লে স্বচ্ছতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্ধারিত সিলেবাস অনুযায়ী নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এসব প্রশিক্ষণ দেবে। প্রতিটি ট্রেডে এই প্রশিক্ষণের ধরন হবে ৮০ শতাংশ ব্যবহারিক এবং ২০ শতাংশ তত্ত্বীয়। এ ছাড়া এসএমই খাতে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ট্রেড কোর্স শেষে দুটি মডিউলের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা উন্নয়ন-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদের পাশাপাশি তিন হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা হিসেবে দেওয়া হবে। যোগাযোগ: এই প্রশিক্ষণ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) অর্থ মন্ত্রণালয়ের সেপ প্রকল্পের ওয়েবসাইট (<http://www.seip-fd.gov.bd>) অথবা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকেও তথ্য পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রামস বিভাগের আওতাধীন প্রজেক্ট কো-অর্ডিনেশন ইউনিট, সেপ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রশিক্ষণ-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।