বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আরে আপনি! দরজা খুলে আমাকে দেখে ভীষণ অবাক হন বৃদ্ধ মোবারক সাহেব। তবু আন্তরিকতায় কোনো খাদ থাকে না তাঁর। আজকাল এ শহরে এমনটা দেখা যায় খুব কমই। মুগ্ধ হই তাঁর ব্যবহারে। উনি ভেতরে ডাকেন আমাকে।
‘আসুন, আসুন। বসুন ওখানে। অথবা যেখানে আপনার ইচ্ছে।’
আমি একটা সোফায় বসে তাঁকে জানাই আমার আসার কারণটা। শুনে তিনি বলেন, ‘ওই গল্পটা শুনতে এসেছেন! কী কাণ্ড দেখুন তো! সেই কবে আপনাকে বলেছিলাম আমার একটা গল্প আছে! আপনি এখনো মনে রেখেছেন সে কথা! ঠিক আছে বলছি গল্পটা। আগে চা নিন। দেখুন তো চিনি ঠিক আছে কি না?’
চমকে উঠি তাঁর আচরণে। আমার সামনে কোনো চায়ের কাপই নেই! কিছু বলি না তাঁকে এ বিষয়ে। ২১ বছরের বিশ্ববিদ্যালয়পড়ুয়া একমাত্র মেয়েকে হারিয়ে তাঁর মানসিক অবস্থা বিশেষ ভালো নেই আজ বছর ছাব্বিশ হলো। নিজের মনে বলতে শুরু করেন তিনি। আড়চোখে দেখি ঘরের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়িয়েছেন এক বিষন্ন প্রৌঢ়া। শুনছেন কি বলেন মোবারক সাহেব।
মোবারক সাহেব বলেন, ‘আসলে প্রজাপতিটা যে কোথা থেকে উড়ে এসেছিল আর পরে কোথায়-ই বা গেল, জানেন, আজও কোনো হদিস করতে পারলাম না তার! সেই স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের পর ১৯৯০-এর শেষের দিকের কথা। এক শনিবারে, না, শনি তো নয়! রবি, সোম বা বুধবারেই হবে, দেখলাম প্রজাপতিটা বসে আছে ওই দেয়ালে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মেয়েটার ছবি ঝোলানো আছে, দেখছেন না? ওই দেয়ালে। জানেন, পাঁচটা রং ছিল প্রজাপতিটার শরীরে। কম অদ্ভুত মোলায়েম সেসব রং! লাল, নীল, সবুজ, হলুদ আর ধূসর। যেন কোনো অচেনা রংধনু আদর করে রঙগুলো মেখে দিয়েছে তার শরীরে। প্রজাপতিটা ছিল অনেক দিন। শরৎ-মেঘের মতো হালকা ডানায় বাতাস কাঁপিয়ে উড়ে বেড়াত সে এ-ঘর থেকে ও-ঘর, রাঙাত এ-দেয়াল আর ও-দেয়াল। তারপর একদিন কী হলো জানেন? প্রজাপতিটার কী যেন এক অসুখ করল। অন্য সব রং মুছে তার শরীর ছেয়ে উঠতে লাগল শুধু ধূসর রঙে। লাল, নীল, সবুজ আর হলুদেরা ঢাকা পড়ে যেতে থাকল ওই ধূসর মরুর নিচে। এরপর একদিন দেখলাম, একরঙা প্রজাপতিটা ওই জানালা দিয়ে...হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই ডান পাশের জানালাটা দিয়ে বয়ে আসা উত্তুরে হাওয়ায় ভেসে স্রেফ উড়ে চলে গেল!’
কথা শেষ করে কিছু সময় আনমনে জানালাটার দিকে চেয়ে থাকলেন মোবারক সাহেব। তারপর তাকালেন আমার দিকে। কী বললেন? আপনি আসলে ওই ছবির মেয়েটার গল্প জানতে এসেছেন? প্রশ্নটা করেই চুপ হয়ে গেলেন তিনি। এবার আর অবাক হলাম না। আমি তাঁর কাছে কিছুই জানতে চাইনি আসলে। কারণ দরজায় দাঁড়ানো ওই মমতাময়ীর চোখে অঝোর ধারা বইতে দেখে এতক্ষণে বুঝে ফেলেছি, কিসের বিনিময়ে তিনি গণতন্ত্রের রূপ ধরে আসা সেই প্রজাপতিটা পেয়েছিলেন-সে গল্প আমাকে কেন, কাউকেই কোনো দিন বলবেন না।