বিনিয়োগকারীদের আট দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটু আয়-রোজগারের আশায় বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে শেয়ার ব্যবসায় নামি। ভেবেছিলাম পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনব এ ব্যবসায় থেকে। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ আমার ৩২ লাখ টাকার শেয়ারের দাম এখন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আগামী দিনে তা বাড়বে এমন ভরসাও পাচ্ছি না।’ ক্ষোভ ও আকুতিভরা কণ্ঠে কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেললেন মহসিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ উদ্দিন। ফরহাদ জানান, দুই ভাই, এক বোন আর বাবা-মায়ের সংসারে বর্তমানে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বলেন, ‘বাজার ভালো হওয়ার কোনো সুসংবাদ না পাওয়ায় আমাকে হয়তো লোকসান দিয়েই শেয়ারগুলো বিক্রি করতে হবে। নইলে একসময়ে পথে বসা ছাড়া কোনো উপায়ও থাকবে না। তাঁর প্রশ্ন—‘এ রকম হতাশাজনক পরিস্থিতিতে আমাদের মতো তরুণদের কেউ আত্মহত্যা করলে তার দায়ভার কে নেবে?’ ফরহাদ শেয়ারবাজারের উন্নয়নে দ্রুত ভূমিকা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। আবুধাবি থেকে দেশে ফিরে জমানো টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন মো. জালাল উদ্দিন। প্রথম কয়েক মাস লাভের মুখ দেখেন তিনি। এরপর ক্রমাগত দরপতনে তিনি এখন দিশেহারা। বলেন, ‘সবাই রাস্তায় নেমেছে। আমরা এখনো নামিনি। তবে রাস্তায় নেমে মরার জন্যও প্রস্তুত আছি। কারণ ইতিমধ্যে সব হারিয়ে ফেলেছি। ৩৫ লাখ টাকা বিনিয়োগ এখন সাত-আট লাখ টাকায় নেমে এসেছে। সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নেবে বলে শুনি। কিন্তু কোনো সুফল এ পর্যন্ত দেখিনি।’ এদিকে পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে চট্টগ্রাম ইনভেস্টরস ফোরাম ৯ মে সোমবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে সিএসই কর্তৃপক্ষের কাছে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে—বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাঁর পদ থেকে সরিয়ে কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দান, পুঁজিবাজার বিষয়ে রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ বন্ধ, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ফোর্স সেল বন্ধ, এসইসিকে পুনর্গঠনের আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ রাখা, মার্চেন্ট ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেনে সক্রিয় করার উদ্যোগ, ব্যাংক সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ প্রভৃতি।