বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বড়জোর ৩৫ বছর হবে। নীরবেই চোখের জল ফেলছেন তিনি। আশপাশে তাঁকে সান্ত্বনা জানানোরও কেউ নেই। একসময় নিজেই নিজের দুই হাত দিয়ে সেই চোখের জল মুছলেন। কিন্তু এর পরও স্পষ্ট বোঝা যায়, তাঁর বুকের ভেতর একটা চাপা কষ্ট ভর করে আছে। কথা বলতে এগিয়ে গেলে হাত নেড়ে জানিয়ে দেন তাঁর অনীহার কথা। পরে অন্যদের কাছ থেকে জানা গেল, তিনি শেয়ারবাজারে দরপতনের খবরে এমন বিমর্ষ হয়ে পড়েছেন। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে লাভের আশায় শেয়ারবাজারে খাটিয়েছেন। কিন্তু এখন মূলধনও খোয়া যাচ্ছে। তাই আর কোনোভাবেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। গত বৃহস্পতিবার নগরের আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউসে দেখা হয় হতাশ এই বিনিয়োগকারীর সঙ্গে। নাম না জানা এই বিনিয়োগকারীর মতো সেদিন অনেকের মন্তব্য ছিল অনেকটা এ রকম, ‘আমরা তো দিনে দিনে সব হারাচ্ছি। আর কত ধৈর্য ধরব। আমরা আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। কারও কথায় আমাদের ভরসা মিলছে না। পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ বাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারে ক্রমাগত দরপতন এবং অস্থিতিশীল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। নতুন করে এ খাতে বিনিয়োগের আগ্রহও এখন আর নেই। এ ধরনের নাজুক পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া। তাঁদের মতে, শুধু পুলিশ দিয়ে বিনিয়োগকারীদের রাজপথ থেকে সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। তাঁদের ভেতরের ক্ষোভ থেকেই যাবে। তাই এ মুহূর্তে ক্ষোভ প্রশমন ও তাঁদের আশ্বস্ত করার জন্য দরকার সম্মিলিত উদ্যোগ।এ প্রসঙ্গে শেয়ারবাজার বিশ্লেষক ও সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কী হয়েছে না হয়েছে সেসব ভুলভ্রান্তির হিসাবে না গিয়ে এখন জরুরি হচ্ছে বিনিয়োকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনতে হলেও দরকার হবে এমন কাউকে যাঁদের ওপর তাঁরা ভরসা রাখতে পারেন।’ এ ক্ষেত্রে তিনি সরকারের অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করার প্রস্তাব দেন। তাঁরাই নিরাপদে বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের উদ্ধুদ্ধ করে বাজারমুখী করতে পারেন। আশ্বস্ত করতে হবে, আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি শেয়ারবাজারে। বাজার বিশ্লেষকদের কেউ কেউ এ পর্যায়ে এসইসিকে ঢেলে সাজানোর ওপরও গুরুত্ব দেন। কারণ বিনিয়োগকারী, শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউসের সংখ্যা ও কর্মপরিধি যেভাবে বিস্তৃত হয়েছে সেভাবে এসইসির লোকবল বাড়েনি। আর কমিশনে বিনিয়োগকারী, শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকেরা। কমিশনের উপদেষ্টা (অ্যাডভাইজারি) কমিটির নিয়মিত সভা বসে না বলেও অভিযোগ রয়েছে। অথচ এ কমিটির সভার মাধ্যমেও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় ।এদিকে, বৃহস্পতিবার বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের হাতে নয় দফা দাবির যে স্মারকলিপি দেন তাতেও বাজার স্থিতিশীল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দান, পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি চালু, ফোর্স সেল বন্ধ করা, অস্থিতিশীল করার সঙ্গে জড়িত মার্চেন্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অনুমতিপত্র (লাইসেন্স) বাতিল প্রভৃতি। বাজার বিশ্লেষকেরা মনে করেন, ইতিপূর্বে নানা অনিয়মের কারণে ডি-লিস্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ করা প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া দরকার। এটাও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সহায়ক হতে পারে। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে এসইসির আইনগুলো ঢেলে সাজানো দরকার। এ ক্ষেত্রে এসইসি, স্টক এক্সচেঞ্জ প্রতিনিধি এবং আইন বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স করা যেতে পারে।