বিনিয়োগকারীদের উচিত গুজবে কান দিয়ে শেয়ার বিক্রি না করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হেলালউদ্দিন নিজামী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য (প্রশাসন)। পুঁজিবাজারে আস্থার সংকট চলছে। সূচকের বড় ধরনের দরপতনে অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন। এসব নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক।প্রথম আলো: শেয়ারবাজার এখন গভীর খাদে। এই অবস্থা থেকে উঠে আসার কোনো আশার আলো দেখছেন? হেলালউদ্দিন নিজামী: আমি অবশ্যই আশার আলো দেখি। বাজার এখন যে অবস্থায় আছে তাতে ভালো মৌলভিত্তির শেয়ার কিনলে বিনিয়োগকারীরা অবশ্যই লাভবান হবেন। শেয়ারবাজার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ওয়ার্ন বাপেট ও পিটার পিঞ্চের তত্ত্ব অনুযায়ী এখনই বাজারে বিনিয়োগের উত্তম সময়। যদিও বাংলাদেশের শেয়ারবাজারে উত্থানের সঙ্গে এই দুই বিশেষজ্ঞের বিশ্লেষণ বা তত্ত্বে কোনো মিল ছিল না। প্রথম আলো: সম্প্রতি সূচক যখন ছয় হাজারের ঘরে ওঠানামা করছিল, তখন বাজার বিশেষজ্ঞরা ভালো মৌলভিত্তির শেয়ার কেনার জন্য পরামর্শ দিয়েছিলেন। এতে অনেকে এসেছেন। এখন তো তাঁরাও নিঃস্ব। হেলালউদ্দিন নিজামী: শেয়ারবাজার অত্যন্ত সংবেদনশীল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের মন্তব্য করা বা পরামর্শ দেওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমতি নেয়নি। এই বক্তব্যে স্বাভাবিক কারণে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার ঘটেছিল। আসলে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। ভবিষ্যতে কেউ দিলে এসইসি প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে। প্রথম আলো: আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগের দিনের সূচককে মানদণ্ড ধরলে বর্তমানে সূচক পাঁচ-ছয় হাজারের ঘরে থাকার কথা ছিল বলে বলাবলি হচ্ছে। কারণ, গত তিন বছরে গ্রামীণফোনসহ অনেক বড় কোম্পানির আইপিও এসেছে। অনেক কোম্পানি রাইট ও বোনাস শেয়ার ইস্যু করেছে। এখন বাজারের যে অবস্থা তা এক কথায় ভয়াবহ। কেন স্থিতিশীলতা আসছে না? হেলালউদ্দিন নিজামী: আমি আগেও বলেছি শেয়ারবাজার অত্যন্ত সংবেদনশীল। অনেকে অযাচিত মন্তব্য করে কিংবা গুজব ছড়িয়ে বাজারকে এই অবস্থায় এনেছে, যে কারণে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তিবিশেষের বক্তব্য বাজারকে ক্ষতিগ্রস্ত করলে সেটা সংশোধনের সুযোগ থাকে। গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করা নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ ও শঙ্কা আছে। এতে দুটি শ্রেণীর লোকজন লাভবান হয়। এক—গুজব সৃষ্টিকারী তথা বড় অঙ্কের বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় শ্রেণীর হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যাঁরা বাজারে ব্যবহূত হচ্ছেন। এতে প্রকৃত বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গুজবের কারণে তাঁরা বাজার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই প্রকৃত বিনিয়োগকারীদের উচিত গুজবে কান দিয়ে শেয়ার বিক্রি না করা। নিয়ন্ত্রককারী সংস্থা হিসেবে গুজব ছাড়া বাজারে পতনোন্মুখ ধারার আর কোনো বড় কারণ আমি দেখি না। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও সচেতন হতে হবে। প্রথম আলো: প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রহস্যজনক ভূমিকাও বাজারকে অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। নিয়ন্ত্রককারী সংস্থা হিসেবে আপনারা তাঁদের বিরুদ্ধে কী ভূমিকা রাখছেন? হেলালউদ্দিন নিজামী: এটি দুর্ভাগ্যজনক যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তথা মার্চেন্ট ব্যাংকগুলো সাধারণ বিনিয়োগকারীর মতো আচরণ করছে। অথচ তাদের দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার কথা, যা তারা করছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ ব্যবস্থাপনায় সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে অনেক দক্ষ ও চৌকস। বাজার বিশ্লেষণের ক্ষমতা তাঁদের অনেক বেশি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি আস্থাহীনতা ও তারল্য সংকটের ধুয়ো তোলে, তাহলে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে তাঁদের বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে যে বাধা ছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে। এর পরও তাঁরা আচরণের পরিবর্তন না করলে আমাদের তো আইনগত কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রথম আলো: সরকারের সমম্বয়হীনতা এবং অযাচিতভাবে একের পর এক প্রজ্ঞাপন জারি বাজারকে অস্থিতিশীল করছে। এ ব্যাপারে আপনারা কী ভাবছেন? হেলালউদ্দিন নিজামী: বাজার নিয়ে কিছু আমলার অযাচিত প্রজ্ঞাপন জারি এবং বিভিন্ন ব্যক্তির অযাচিত মন্তব্যে বাজারে আস্থাহীনতা ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি করেছে। কিছু দিন আগেও একটি প্রজ্ঞাপন জারির পর আমরা দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাহার করতে বাধ্য করেছি। ভবিষ্যতে নীতি সমম্বয়হীনতা নিয়ে যেন উৎকট অবস্থার সৃষ্টি না হয়, সেজন্য সরকারের কাছে আমরা মতামত পাঠিয়েছি। এতে ভবিষ্যতে পুঁজিবাজার নিয়ে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বক্তব্য প্রজ্ঞাপন বা নীতি প্রচার ও প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা না করে করতে দেওয়া হবে না। আশা করছি, অচিরেই এ বিষয়ে সরকারের নীতিগত সমর্থন পাওয়া যাবে এবং এ সংক্রান্ত পরিপত্র জারি হবে। এতে আস্থার যে সংকট চলছে, তা কেটে যেতে বাধ্য।