বিনিয়োগকারীদের প্রশিক্ষণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই পুঁজিবাজার সম্পর্কে ধারণা না থাকায় নানা গুজব, কান-কথায় প্রভাবিত হন। ফলে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়—এমন মন্তব্য করে বাজারের স্থিতিশীলতার জন্য প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছেন বাজার-বিশ্লেষকেরা। তাঁদের মতে, পুঁজিবাজার সম্পর্কে সুষ্ঠু ধারণার অভাবে নানা বিভ্রান্তি ডালপালা গজানোর সুযোগ পায়। যা পরবর্তীকালে বাজারে স্থিতিশীলতার ওপর আঘাত হানে। আর এ ক্ষেত্রে বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউসের কর্মকর্তা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা, শেয়ার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে এ প্রশিক্ষণের আওতায় আনা দরকার। এ প্রসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে গতিশীলতার জন্য অন্যান্য উদ্যোগের পাশাপাশি বাজার সম্পর্কে যথাযথ ধারণা লাভের বিষয়টি মুখ্য হয়ে উঠেছে। কারণ সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের গতিবিধি সম্পর্কে ভালো ধারণা না থাকায় বেশির ভাগ ক্ষেত্রে বিনিয়োগকারীরা নানাভাবে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য রাজধানী ঢাকায় গড়ে তোলা হয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। ইতিমধ্যে এ ইনস্টিটিউটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমরা সম্প্রতি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। তবে এ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, যাতে করে পুঁজিবাজার সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বেশির ভাগকে এর আওতায় আনা যায়।’ বুক বিল্ডিং বিষয়ে পরামর্শ আহ্বান: সিএসই সূত্রে জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতি বিষয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবার পরামর্শের ভিত্তিতে বুক বিল্ডিং বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে চাই। এ বিষয়ে আমরা এসইসি কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসব। তার আগে বিনিয়োগকারীদের পরামর্শ জানতে চাচ্ছি।’ তিনি এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো পরামর্শ থাকলে তা কাল সোমবারের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।