বিনিয়োগকারীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের পর গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ করে সরকারের সমালোচনা করেছেন। তাঁরা অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।এর আগে সকালে দরপতনের পর শেয়ারবাজারের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুপুরে বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহীর কাছে স্মারকলিপি দিয়েছে।জানা যায়, শেয়ারের দরপতন এবং পরবর্তীকালে লেনদেন বন্ধ করার সিদ্ধান্তের পরপরই নগরের আগ্রাবাদ স্টক এক্সচেঞ্জের সামনে, জামালখান, খাতুনগঞ্জে বিনিয়োগকারীরা পৃথক বিক্ষোভ করেন। বিক্ষোভ মোকাবিলায় এসব স্থানে আগে থেকেই বিপুল পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা আগ্রাবাদে সড়ক অবরোধ করলে ১৫ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।সিএসই সূত্র জানায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকালে লেনদেন শুরু হওয়ার পর প্রতিটি শেয়ারের মূল্য ১০-৫০ শতাংশ পর্যন্ত কমে যায় বলে বিনিয়োগকারীদের অভিযোগ। লেনদেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা হইচই শুরু করে দেন। তাঁরা এ সময় সরকার ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা মিছিল করে স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। ১৫ মিনিট পর পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়।এরপর স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীরা পথসভায় মিলিত হন। সভায় বক্তারা বলেন, ‘ইউনিপে টু ইউ, স্পিক এশিয়াসহ বিভিন্ন মাল্টিলেভেলিং ব্যবসাপ্রতিষ্ঠানে শেয়ারবাজারের টাকা চলে যাচ্ছে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। অথচ সরকার ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শেয়ারবাজারকে চেপে ধরার জন্য উঠেপড়ে লেগেছে।’বিনিয়োগকারীরা অবিলম্বে শেয়ারবাজার স্বাভাবিক করার দাবি জানান। রাশেদুল ইসলাম নামে এক বিনিয়োগকারী বলেন, ‘এক সপ্তাহ ধরে টানা দরপতনে আমরা অনেকে সর্বস্বান্ত হয়েছি। বিভিন্ন মাল্টিলেভেলিং ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে এবং সরকারের সুনজরের অভাবে এ অবস্থা হয়েছে।’নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত কয়েকদিনে শেয়ারের দরপতনের অবস্থা দেখে আমরা আগে থেকে পুলিশকে সতর্ক অবস্থানে রাখি। বিনিয়োগকারীরা বিক্ষোভ করলেও কোথাও ভাঙচুর কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি।’ এদিকে, অপর একদল বিনিয়োগকারী মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আসেন। এ সময় তাঁরা সংক্ষিপ্ত সভা করেন। পরে মিছিলটি জামালখান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পেছনে পুলিশের সতর্ক পাহারা ছিল। শেয়ারবাজারের দরপতনে চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয় বলে জানা গেছে। এখানকার অনেক ব্যবসায়ীর শেয়ারবাজারে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।