বিনীত হও, নিশ্চয়ই স্বীকৃতি মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বুঝি বলে ‘অনন্য এক অসাধারণ’কে একেবারে সাধারণভাবে দেখা। এভাবেই বুঝি পথ চলতে চলতে শেখা হয় জীবনদর্শনের অনেকটাই। বলতে চাচ্ছি বিশ্ব ফুটবলের সর্বময় কর্তা সেপ ব্ল্যাটার, যোসেফ সেপ ব্ল্যাটারের সঙ্গে দেখা হওয়ার কথাটি। সম্প্রতি আমরা ঘুরেছি সুইজারল্যান্ডের পাহাড় ও সমতলজুড়ে। জুরিখ, বার্ন, ফ্রিবোর্গ, সিয়েরা, সিওন, লুজান, ভিসপ ঘুরে ঘুরে জানছি ফেডারেল, ক্যান্টন আর কমিউনে ক্ষমতার ভারসাম্য। জেনেভা লেক, আল্পস পর্বতমালা, থোক থোক আঙুর আর আপেলবাগান পেরিয়ে ১২ হাজারেরও বেশি কিলোমিটার উচ্চতায় উপভোগ করছি ম্যাটাহর্নের বরফঢাকা চূড়ায় সূর্যের আলোকসজ্জা। বুক চিরে বের হয়ে আসা দীর্ঘশ্বাসজুড়ে হাহাকার জানান দেয়, আমরা কি কোনো দিন হয়ে উঠতে পারব এমন এক সমাজের যোগ্য অথবা গড়ে তুলতে পারব এমন এক বাস্তবতা, যেখানে এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যাবে না, এক মিনিট দেরিতেও আসবে না নির্ধারিত ট্রেনটি, মিনিটের কাঁটা ধরে দাঁড়িয়ে থাকবেন আমন্ত্রণকারীরা স্বাগত জানাতে? এর মধ্যেই জেনে গেছি, আল্পস পর্বতরাজির নানা স্থানে ভূমিকম্পের আশঙ্কা। কিন্তু প্রাকৃতিক ভূমিকম্পের চেয়েও বড় ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে সুইজারল্যান্ডের সাধারণ মানুষ। গণভোট করে জানিয়ে দিয়েছে, ইউরোপের বুকের মধ্যে বসবাস করেও তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে না। বছরে চারবার এভাবেই সে দেশের মানুষ গণভোট করে জানায় তাদের সিদ্ধান্তের কথা। আল্পস পবর্তমালার ওপরিতলজুড়ে আমরা যখন দিনরাত চষে বেড়াচ্ছি, তখন এই পর্বতমালার নিচ দিয়ে সুইজারল্যান্ড গড়ে তুলেছে পৃথিবীর বৃহত্তম সুড়ঙ্গপথ, যাতে শিগগিরই বসবে রেললাইন। এর মধ্য দিয়ে ইউরোপে গড়ে তুলবে আরও ঘনিষ্ঠ সম্পর্ক। সফরের দ্বিতীয় পর্বের প্রায় শেষ দিকে আমরা। দিনটি ৯ অক্টোবর, ২০১০ শনিবার ছুটির দিন। ছুটির দিন বলে আমাদের সফরও বেশ ঢিলেঢালা। উপত্যকা ঘুরে-ফিরে দেখা। ভ্যালে ডি এনিভিয়েরস যেন সাজানো ছবি। পর্যটকদের প্রিয় জায়গা। পুরো উপত্যকাজুড়ে মানুষ থাকেন সাকল্যে ৯৫২ জন। এই পর্বতদর্শন শেষে আমরা দুপুরের খাবার খেতে বসেছি একটি রেস্তোরাঁয়। ছোট রেস্তোরাঁর নাম: ও ম্যানোয়া এনিভিয়ে। একটি পরিবারই চালায় রেস্তোরাঁটি। দুই কক্ষের এই রেস্তোরাঁতে সব মিলিয়ে জায়গা হবে ৪০০ বর্গমিটারেরও কম। ঢুকেই অভ্যর্থনা টেবিলের সামনে একটি গোলটেবিল তিন-চারজন বসার জন্য। তার গা ঘেঁষে দুই কদম গেলেই যে বড় ডাইনিং রুম সেখানে সব মিলিয়ে বসতে পাবেন ১৫-১৬ জন, এটি আমাদের দখলে। খাবার অর্ডার আগেই দেওয়া। অপেক্ষা করছি সবাই। আমাদের গাইড ফিলিপ চউভি, ধীরগতির এক ইংরেজি বলিয়ে, আমাদের সামনে ছুড়ে দিলেন এক ধাঁধা। বললেন, এই মুহূর্তে এই রেস্তোরাঁয় আছেন বিশ্বখ্যাত এক মানুষ, দেখি খুঁজে বের করতে পার কি না। একটু আগে রেস্তোরাঁয় ঢোকার সময় দেখেছি প্রথম কক্ষের গোলটেবিলে বসে আছেন তিন ‘বুড়ো’। এর বাইরে আমরা ছাড়া কেউ নেই। ওর কথাতেই চোখ ঘুরালাম। কিন্তু না—কেউ কিছু আবিষ্কার করতে পারলাম না। কিন্তু মুহূর্ত পরেই ইউরেকা, ইউরেকা, হঠাৎ পেয়ে গেলাম তাঁকে। বছরের পর বছর যাকে দেখেছি টেলিভিশনের পর্দায় বিশ্ব ফুটবলের মধ্যমণি হিসেবে। এই মাত্র কদিন আগে দক্ষিণ আফ্রিকায় সাকিরার ‘ওয়াকা ওয়াকা’র সুর বিশ্ব মাতালো যার হাত ধরে। সেই তিন প্রবীণের মাঝখানে বসে যিনি আলো ছড়াচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং সেপ ব্ল্যাটার, যোসেফ এস ব্ল্যাটার। ফিফা প্রেসিডেন্ট। বিশ্ব ফুটবলে কয়েক দশকজুড়ে নানা চমক যিনি সৃষ্টি করে চলেছেন। একটি শার্টের ওপর সাধারণ একটি জ্যাকেট ঝুলিয়ে বসে আড্ডাবাজি করছেন পুরোনো দুই দোস্তের সঙ্গে। কোনো সিকিউরিটি নেই, কোনো ভিড় নেই, কোনো প্রটোকল নেই। অভ্যর্থনা টেবিলে দাঁড়ানো যে তরুণী তার চেহারাতেও কোনো প্রতিক্রিয়া নেই যে তার সামনেই বসে আছেন বিশ্ব ফুটবলের মহা অধিকর্তা। সাংবাদিক মুন্নী সাহা ছুটে গেলেন তাঁর ক্যামেরা নিয়ে। আমরাও প্রায় সঙ্গে সঙ্গে। বললাম বাংলাদেশ থেকে এসেছি। বিনয়ের হাসি হাসলেন সেপ ব্ল্যাটার, বললেন—চিনে ফেলেছ, এ জন্যই বলি, ফুটবলই বিশ্বকে একসুতোয় বাঁধতে পারে (ফুটবল ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড)। ফুটবল নিয়ে বিশ্ব-দর্শনের এই আপ্তবাক্যটি ছুড়ে দিয়ে তাকিয়ে থাকেন তাঁর দুই বন্ধুর দিকে। ভাবখানা এই রকম: দেখো এই ছোট পাহাড়চূড়ার ক্ষুদ্র রেস্তোরাঁতেও কজন বাঙালি যে আমাকে চিনে ফেলল, তার কারণ আর কিছুই নয় ফুটবল, শুধুই ফুটবল। মুন্নী তাঁর কথা ধারণ করছেন, অন্যদের ক্যামেরা ঝলসে উঠছে বারবার। এতটুকু বিরক্ত নন সেপ ব্ল্যাটার, আমরাই বরং বিরক্ত তাঁর পাশে বসা দুই বুড়ো সরছে না কেন। সেপ ব্ল্যাটার যেন বুঝলেন আমাদের কথাটি। দুই বন্ধুকে বললেন সরে যেতে, একজনকে পাঠালেন রেস্তোরাঁর বাইরে রাস্তার ওপাশে গাড়ি থেকে তাঁর অটোগ্রাফসমেত ছবি আনতে। আমরা বসলাম সেপ ব্ল্যাটারের গা ঘেঁষে। সুইজারল্যান্ড যাওয়ার সময় সব বিষয়ে সমান কৌতূহলী আমার কন্যা হাসতে হাসতে বলেছিল, পারলে রজার ফেদেরারের (টেনিস তারকা) সঙ্গে দেখা করো। সেটা যে অসম্ভব তা সে ও আমি দুজনই জানি। কিন্তু আরেক অসম্ভবকে হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠি, নাকের বদল নড়ুন পেলাম তাক ডুমা ডুম ডুম।কথা বলছি তালগোল পাকিয়ে। প্রচণ্ডভাবে মিস করছি উৎপল শুভ্রসহ আমাদের ক্রীড়া সাংবাদিকদের। আমি নিশ্চিত, ওঁরা যে কেউ থাকলে মাথায় গিজগিজ করা তথ্য-পরিসংখ্যান ঘেঁটে এখনই নামিয়ে ফেলতে পারত তিন কলামের এক সাক্ষাৎকার। আমাদের ফুটবল-জ্ঞানের দৌড় তো সর্বশেষ বিশ্বকাপের ‘ওয়াকা’ ‘ওয়াকা’ পর্যন্ত মাত্র। তার পরও জিজ্ঞাসা করি: বাঘা বাঘা ফেভারিটকে হারিয়ে স্পেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, এর কারণ কী? সেপ ব্ল্যাটারের চটজলদি জবাব: কারণ স্পেন ইউরোপীয় ধারার ফুটবল খেলেছে এবং অবশ্যই অন্যদের চেয়ে ভালো খেলেছে, সে জন্যই জিতেছে। ব্যাখ্যা আরেকটু বাড়ালেন: ফুটবল-দুনিয়ার তারকা বলে যাঁরা পরিচিত সারা বছর বিভিন্ন ক্লাবের হয়ে তাঁরা খেলেন ইউরোপীয় ফুটবল, শুধু বিশ্বকাপের সময় দেশের পক্ষে নেমে সে ধারাটা একেবার পাল্টে ফেলা বেশ কঠিন।বাংলাদেশের নাম শুনে সেপ ব্ল্যাটার দ্রুতই স্মরণ করতে পারলেন—আমাদের ফুটবলার কাজী সালাউদ্দিনের কথা। বললেন: ফিফা এবং তিনি নিজেও জানেন বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমের কথা। বাংলাদেশের ফুটবল নিয়ে ফিফার আগ্রহের কথাও জানালেন তিনি সংক্ষিপ্তভাবে।এভাবে এখানে আমাদের হাতে ‘ধরা পড়া’র রহস্য উন্মোচন করে সেপ ব্ল্যাটার বললেন: ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে আর তিনি এনিভিয়ে উপত্যকায় গা ঘেঁষা ছোট শহর ভিসপের সন্তান। গ্রামের বাড়িতে এসেছেন সপ্তাহের ছুটি কাটাতে। শনিবার দুপুরে রেস্তোরাঁয় এসেছেন দুই পুরোনো দোস্তকে নিয়ে আড্ডা দিতে আর দুপুরের খাবার খেতে।নেট ঘেঁটে দেখি ভিসপে ব্ল্যাটারের জন্ম ১৯৩৬ সালের ১৯ মার্চ। জার্মান মাতৃভাষা হলেও অনর্গল বলতে পারেন ফরাসি, ইংরেজি, স্প্যানিশ ও ইতালিয়ান। ফিফার নির্বাহী কমিটির সঙ্গে যুক্ত দীর্ঘদিন, ১৯৯১-১৯৯৮ মেয়াদে ছিলেন ফিফার সাধারণ সম্পাদক, এর আগে ১৯৭৫-১৯৮১ সাল পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টর। এক কন্যার জনক ব্ল্যাটার লুজানে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন ও অর্থনীতি এবং আইন বিষয়ে স্নাতক। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত ফুটবল খেলেছেন সুইস অ্যামেচার লীগে। ১৯৫৯ সাল থেকে সুইস ক্রীড়া লেখক সমিতির সদস্য, ১৯৯৯ সাল থেকে সদস্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি)। ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ১৯৯৮ সালের ৮ জুন। সেপ ব্ল্যাটারের দর্শন হচ্ছে: ফুটবল সবার জন্য, সবাই ফুটবলের জন্য। এই দর্শন নিয়েই চলে তাঁর ফুটবল ডিপ্লোম্যাসি। তিনি মনে করেন: একজন ফুটবলারের জন্য প্রয়োজন মৌলিক শিক্ষা, শারীরিক দৃঢ়তা এবং খেলার গতি। তবে সবার আগে প্রয়োজন সবকিছুর প্রতি শ্রদ্ধা ও নিয়মানুবর্তিতা। তিনি মনে করেন: নাটক বা বিনোদনের সঙ্গে ফুটবলের কোনো ফারাক নেই—এ জন্য এর প্রতি গণমাধ্যমেরও আগ্রহের কোনো কমতি নেই। ফুটবলের মধ্যেও আছে নন্দনতাত্ত্বিক সৃজনশীলতা, ফুটবল তৈরি করে কর্মসংস্থানও। কিন্তু সবার ওপরে ফুটবল হচ্ছে অন্তহীন প্রেরণা ও আনন্দের উৎস। ফুটবলে দৈহিক গতির সঙ্গেও তাল মিলিয়ে চলে আবেগ। সে কারণেই বিশ্বজুড়ে ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এই খেলা নিয়েই কথা হয় সবচেয়ে বেশি। সেপ ব্ল্যাটার ফিফার দায়িত্ব নেওয়ার পরই নতুন মাত্রা যোগ করেন বিশ্ব ফুটবলে। তিনি বলেন, ফিফা-প্রধান হিসেবে আমার দায়িত্ব সার্বক্ষণিক চ্যালেঞ্জের। ফুটবলকে তিনি যুক্ত করেছেন শিক্ষা, স্বাস্থ্যসহ দরিদ্র বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে। তাঁর উদ্যোগে যুক্ত হয়েছে নতুন স্লোগান: পিউর হোপ, পিউর ফুটবল (পবিত্র আশা, স্বচ্ছ ফুটবল), সে ইয়েস ফর চিলড্রেন (শিশুদের জন্য হ্যাঁ বলুন)। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আফ্রিকাজুড়ে তাঁর মিশন ‘কিক পোলিও আউট অব আফ্রিকা’। বিশ্বের বিভিন্ন শরণার্থী শিবিরেও তিনি ছড়িয়ে দিয়েছেন ফুটবল। শিশুশ্রম অবসানে ফিফা চুক্তি সই করেছে আইএলওর সঙ্গে। সেপ ব্ল্যাটার তাঁর এতসব অবদানের জন্য নন্দিত হয়েছেন বিশ্বজুড়ে। ফুটবলখেলুড়ে প্রায় সব দেশ থেকেই মিলেছে তাঁর কাজের নানা মাত্রার স্বীকৃতি। এই তালিকাও বেশ দীর্ঘ।অবাধ সুযোগ পেয়ে কথা বলি লাগামহীন, তিনিও জবাব দেন স্বতঃস্ফূর্তভাবে। বসে ছবি ভালো উঠছে না বলে নিজেই দাঁড়িয়ে পোজ দেন ছবির জন্য। বলি আমাদের জন্য কিছু বলবেন? ফুটবলময় এক মানুষের মাথা থেকে বেরিয়ে আসে অবাক বিস্ময়ের সেই অপূর্ব দার্শনিক উক্তি: ‘বিনীত হও, নিশ্চয়ই স্বীকৃতি মিলবে’। তাঁর ছবির পেছনে অটোগ্রাফ নিতে নিতে বলি, লিখে দাও কথাটি। দ্রুত হাতে লিখেন: ‘ওয়ান মাস্ট বি হাম্বল, অ্যান্ড হি উইল বি রিকগনাইজড—সেপ ব্ল্যাটার।’ সুযোগ আরও সাহস বাড়িয়ে দেয়, জিজ্ঞাসা করি এই দার্শনিক পরামর্শ কি শুধু ফুটবলারদের জন্য? ‘না’, জবাব দেন সহাস্য ব্ল্যাটার, ‘ক্রীড়াবিদ, রাজনীতিবিদ সবার জন্যই।’ ভাবি আমার দেশের রাজনীতিক ও প্রভাবশালীদের দাপুটে আচরণের কথা।একসময় বিদায় নিই, তাঁর বন্ধুদের কতক্ষণই বা দাঁড়িয়ে রাখি। সেপ ব্ল্যাটার খাবার শেষে যাবেন পাশের মাঠে, সেখানে একদল শিশু-কিশোর ফুটবলার আসবে তাঁর আশীর্বাদ নিতে। আমরাও খাবার টেবিলে ফিরি। এর মাঝখানেই প্রায় ঘণ্টা খানেক কেটে গেছে। মধ্যাহ্নভোজ শেষে ঢেঁকুর তুলছি যখন তখন দেখি এক হাতে খোলা জ্যাকেটটি কাঁধে ঝুলিয়ে স্বয়ং সেপ ব্ল্যাটার এসেছেন আমাদের কাছ থেকে বিদায় নিতে। হাত তুলে বললেন: ‘ভিভা বাংলাদেশ’। ‘জয় বাংলাদেশ।’ অপূর্ব বিস্ময়ে তাকিয়ে দেখি একজন বিশাল মানুষের বিনীত আচরণ। বুকজুড়ে স্থায়ীভাবে গাঁথা হয়ে যায় ফুটবল এবং সেপ ব্ল্যাটার।আল্পস পর্বতমালার এই স্মৃতি কখনোই ভোলার নয়। (মনজুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক, বৈশাখী টেলিভিশন, [email protected]