‘ফ্রিওয়াই-ফাই পেয়েছি!’ নুহা তার মায়ের ফোন এনে এই বাক্যটাই চিৎকার করে বলেছিল। তার উত্তেজনা দেখে মনে হচ্ছিল যেন নতুন কিছু আবিষ্কার করে ফেলেছে। নুহা আমাদের বাসার সর্বকনিষ্ঠ সদস্য। কিন্তু স্মার্টফোন বিষয়ে তার দক্ষতা দেখে মাঝেমধ্যে অবাক হই। এমন সব খুঁটিনাটি বিষয় সে জানে, যা আমিও জানি না।
বিনে পয়সায় ওয়াই-ফাই সুবিধা বেশ উপভোগ করছি। রুমের চেয়ে বারান্দায় গেলে ওয়াই-ফাই নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তাই সময়ে-অসময়ে বারান্দায় বসে কাটাই! আর এভাবেই পেয়ে যাই ইলাবতীকে!
নামটা কেমন পৌরাণিক মনে হলো? প্রথম তার নাম শুনে আমারও এমন মনে হয়েছিল। ধীরে ধীরে খুব পরিচিত মনে হতে লাগল—ইলাবতী। সে আমাদের সামনের বাড়ির বাসিন্দা। মুখোমুখি বারান্দা!
প্রথম দিন আমাদের কথা শুরু হয়েছিল ওয়াই-ফাই নিয়ে। আমার মতোই বারান্দায় বসে স্মার্টফোনে তাকিয়ে থাকত। একদিন হুট করে ইলাবতী জিজ্ঞেস করল, ‘কী! বিনা মূল্যে সেবা নিচ্ছেন?’ আমি খানিকটা লজ্জিত হয়ে বললাম, ‘হ্যাঁ।’ একটু সময় নিয়ে তাকে পাল্টা প্রশ্ন করি, ‘আপনিই কি তাহলে সেবাদাতা?’ ইলাবতী বলল, ‘না, না, আপনারই মতো একজন সেবাগ্রহীতা!’
শুনে আনন্দিত হই। ভালো লাগে এই ভেবে, আর কোনো মিল না থাক, আমরা দুজন একই সেবার আওতাভুক্ত!
সেদিনের পর বারান্দায় আমার যাতায়াত বেড়ে গেল। বিনে পয়সার ওয়াই-ফাই যত না টানে, তার চেয়ে বেশি আগ্রহ ইলাবতীর সঙ্গে একবার কথা বলার সুযোগ পাওয়া। এক রাতে ইলাবতীর সঙ্গে কথা হচ্ছিল। হুট করে বলল, ‘আপনি ছাদে উঠে আমাদের ছাদে লাফিয়ে আসতে পারবেন? ঠিক এই এখন?’ আমি ছাদে না গিয়ে নিচে আসতে বললাম। সে জোর দিয়ে বলল, ‘না, ছাদেই!’
দুই বাসার ছাদ পাশাপাশি। ওদের ছাদে যাওয়াটা মামুলি ব্যাপার। শুধু একটু পা বাড়িয়ে দেওয়া!
এখন আমার আর ইলাবতীর ড্রয়িংরুম গল্পে– আড্ডায় জমে ওঠে। কলিগদের বলি প্রথম প্রেমের গল্প!
জাহিদ রাজ
উত্তরা, ঢাকা।