বিনে পয়সার 'এসি' এবার চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইকো-কুলার’ নামে পরিচিত বিনে পয়সার ‘এসি’ তৈরি করেছেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের একদল শিক্ষার্থী। নিজেদের গ্রামেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চান তাঁরা। গত মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বানানো ‘ইকো–কুলার’ প্রদর্শন করা হয় l জুয়েল শীল
‘ইকো-কুলার’ নামে পরিচিত বিনে পয়সার ‘এসি’ তৈরি করেছেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের একদল শিক্ষার্থী। নিজেদের গ্রামেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চান তাঁরা। গত মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বানানো ‘ইকো–কুলার’ প্রদর্শন করা হয় l জুয়েল শীল

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বানিয়ে দেশে ও দেশের বাইরে আলোড়ন তুলেছিলেন গবেষক আশীষ পাল। ‘ইকো-কুলার’ নামে পরিচিত ‘বিনে পয়সার এসি’ এখন চট্টগ্রামে। চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের একদল শিক্ষার্থী ‘ইকো–কুলার’ তৈরি করলেন সফলভাবে। শুধু তা–ই নয়, নিজেদের গ্রামেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চান তাঁরা।
১৯ জুলাই টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের তৈরি ‘ইকো-কুলার’ প্রদর্শন করেন। কলেজের মোট ৫৬ জন শিক্ষার্থী ১৮টি দলে ভাগ হয়ে এই প্রযুক্তি নিয়ে কাজ করেন। সেখান থেকে সেরা তিনটিকে পুরস্কৃতও করা হয়।
কেন এ ধরনের আয়োজন? প্রশ্ন করা হলে কলেজের শিক্ষক হুমাইরা পান্না জানান, সম্প্রতি ফেলে দেওয়া বোতলকে কাজে লাগিয়েই ঘর ঠান্ডা রাখার দুর্দান্ত এক কৌশল উদ্ভাবন করেছেন গবেষক আশীষ পাল। সেই কৌশল প্রয়োগ করে ঘরের তাপ কমানো যাবে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এ নিয়ে গত ১১ জুন প্রথম আলোতে ‘বিনে পয়সার এসি!’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। সেই প্রতিবেদন পড়ার পর থেকেই তিনি এই প্রযুক্তিটি নিয়ে কিছু একটা করার কথা ভাবছিলেন। আর সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন।

নিজেদের তৈরি ‘ইকো কুলার’ দেখাচ্ছেন শিক্ষার্থীরা l প্রথম আলো
নিজেদের তৈরি ‘ইকো কুলার’ দেখাচ্ছেন শিক্ষার্থীরা l প্রথম আলো

১৮টি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা যেসব ‘ইকো-কুলার’ বানিয়েছেন, তার সবগুলোই কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ‘ইকো-কুলার’ প্রযুক্তির প্রদর্শনীতে উপস্থিত কলেজের অধ্যক্ষ রূপেশ চন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ এহিয়া মো. সাদেক, শিক্ষক শামসুদ্দিন শিশির শিক্ষার্থীদের এমন উদ্যোগে মুগ্ধ বলে জানালেন।
কলেজের অধ্যক্ষ রূপেশ চন্দ্র চৌধুরী বলেন, ‘এটি খুব ভালো উদ্যোগ। প্রতিটি গ্রামে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হলে অসহায় মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাবে। ভবিষ্যতে হয়তো কম খরচে এর চেয়েও ভালো প্রযুক্তি আবিষ্কৃত হবে।’
শিক্ষার্থী জয়নাল আবেদীন ‘ইকো–কুলার’ তৈরি করতে পেরে ভীষণ খুশি। তিনি বলেন, ‘আমরা সবাই যেসব ইকো–কুলার প্রদর্শন করেছি, সেগুলো আমাদের গ্রামে ছড়িয়ে দিতে চাই। গ্রামে গিয়ে আমরা এই প্রযুক্তি সম্পর্কে মানুষকে জানাতে চাই। যাতে গরমের দিনে তারা কিছুটা শীতল থাকতে পারে।’
কলেজের আরেক শিক্ষার্থী হাফেজা আফরিন বলেন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কিংবা বৈদ্যুতিক পাখা কেনার সামর্থ্য নেই গ্রামের মানুষজনের। ‘ইকো–কুলার’ তাদের শীতল করবে। বিদ্যুৎবিহীন নিভৃত গ্রামগুলোতে এই প্রযুক্তি বহু মানুষের কষ্ট লাঘব করবে।
নিজেদের ‘ইকো-কুলার’ যন্ত্র সামনে নিয়ে অভিজিৎ শীল, তামান্না আক্তার ও মাহমুদা নাছরিনও উচ্ছ্বাস প্রকাশ করলেন। তাঁরা বলেন, ‘প্রযুক্তিটি আবিষ্কৃত হলেও এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। আমরা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চাই।’
কলেজের আরেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন জানালেন, বিদ্যুতে চালিত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মতো এটি দ্রুত তাপমাত্রা কমাবে না। তবে খরতাপে পাঁচ ডিগ্রি তাপমাত্রাও যদি কমে, গরমে অতিষ্ঠ মানুষ স্বস্তি পাবে।
এই যন্ত্র বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে কি না জিজ্ঞাসা করতেই শিক্ষার্থী নাছরিন ফাতেমা বললেন, ‘বোতল সংগ্রহ করতে আমাদের কয়েকটা বিয়ের অনুষ্ঠানে যেতে হয়েছে। এরপর একটা বোর্ড সংগ্রহ করে সেখানে ছিদ্র করে আমরা বোতলগুলো কেটে সেখানে লাগিয়ে দিই। তবে এই যন্ত্র তৈরিতে আমাদের কোনো খরচ হয়নি।’