বিপণন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার নাম মার্কেটিং সামুরাই। এ এক অন্য রকম মেলা। এ মেলায় অংশগ্রহণ করা দলগুলো সাজিয়ে বসেছিল তাদের তৈরি করা স্টল, নমুনা পণ্য, ডেকোরেশন, পণ্য তথ্য এমনকি সরাসরি ভোগের উপযোগী পণ্যও বিক্রির জন্য সাজিয়ে বসেছিলেন তাঁরা। বিভিন্ন পর্বের মধ্য দিয়ে দুই মাসব্যাপী চলা এই মেলা শেষ হয়েছে এপ্রিলের শেষ সপ্তাহে। মেলার চূড়ান্ত আসরটি বসেছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ১৭টি দল নিয়ে শুরু হয় প্রথম পর্ব। এই পর্ব শেষে ১০টি দল প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এই ১০টি দল নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব ‘ব্লু ওশেন প্রমোশনাল প্ল্যান ও ডেমোপ্যাকেজ’। শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় সিওডিএ, সাক্সেস ও প্রজন্ম ২০১৩ নামের তিনটি দল। দল তিনটির মধ্যে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে প্রজন্ম ২০১৩। এই দলের দলনেতা কিউ এম সাফায়েত হাবিব বলেন, ‘মার্কেটিং গ্র্যাজুয়েটদের জন্য প্ল্যাটফর্ম তৈরিতে সহায়ক হিসেবে এ রকম আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলতার মাধ্যমে পণ্যের উন্নয়ন ও আসলেই কী করে ব্লু ওশেন স্ট্র্যাটেজি তৈরি করা যায়, এ বিষয়ে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি।’ রানারআপ সাক্সেসের দলনেতা সৈয়দা শতরূপা জাফর বলেন, ‘ইউআইইউবিসি আয়োজিত মার্কেটিং সামুরাই আমাদের সামনে নতুন পথ খুলে দিল।’মাসব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী কর্মশালা। কর্মশালা পরিচালিত হয় মার্কেটিং স্ট্র্যাটেজি, কেস সলভিং এবং বিজ্ঞাপন তৈরির ওপর।