বিপণিকেন্দ্র ঘিরে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার ঈদের বাকি আরও তিন সপ্তাহ। এর মধ্যেই নগরের বিপণিকেন্দ্রগুলো ঘিরে সড়কগুলোতে যানজট বেড়ে গেছে। কয়েক দিন পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বেতন পেলে বিপণিকেন্দ্রগুলোতে বেচাবিক্রি বেড়ে যাবে। তখন যানজট তীব্র হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যানজট বাড়ার জন্য অনুমোদনহীন গাড়ি রাস্তায় নামানো এবং গ্রাম থেকে শহরে রিকশার উপস্থিতি বেড়ে যাওয়াকে দায়ী করেছে নগর পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক সংগঠনের নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, ইদানীং বিভিন্ন মফস্বল এলাকার রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বিনা বাধায় শহর ও শহরতলিতে ঢুকে পড়ছে। ফলে নগরের বিপণিবিতানসংলগ্ন সড়ক ও শহরতলির অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, অলংকার মোড় এলাকায় যানজট দিন দিন বাড়ছে। তবে পুলিশ সূত্র জানায়, নগরের যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের যানবাহন শাখা নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে তিনজন করে সার্জেন্ট মোতায়েন করেছে। সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়গুলো হচ্ছে জিইসি মোড়, বাদামতলী মোড়, ষোলোশহর ও নিউমার্কেট। এই চারটি মোড়ে তিনজন করে সার্জেন্ট ঈদের আগ মুহূর্ত পর্যন্ত তিন পালায় দায়িত্ব পালন করবেন। দুজন করে সার্জেন্ট দায়িত্ব পালন করবেন নগরের টাইগারপাস, মুরাদপুর, বহদ্দারহাট, কর্ণফুলী সেতুর নগর প্রান্ত ও অক্সিজেনে। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ ৬৪টি মোড় রয়েছে, যেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন সার্জেন্টরা। জানতে চাইলে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘নগর পুলিশে জনবল বাড়ানো হয়েছে। আমরা আরও ৫৬ জন নতুন সার্জেন্ট পেয়েছি। এতে এবার যানজট নিয়ন্ত্রণ রাখতে আমাদের বেগ পেতে হবে না। ইতিমধ্যে আমরা সবার মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছি, যাতে ঈদ পর্যন্ত নগরে অস্বস্তিকর যানজট এড়ানো সম্ভব হয়।’কুসুম দেওয়ান জানান, যানবাহন শাখার পুলিশরা এমনিতে দুই পালায় কাজ করে আসছে। ঈদ উপলক্ষে তিন পালায় কাজ করবে তারা। ঈদ উপলক্ষে প্রথম পালার কাজ শুরু হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা। দ্বিতীয় পালায় দুপুর দুইটা থেকে রাত ১১টা এবং তৃতীয় পালায় রাত ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত মোড়ে মোড়ে যানবাহন শাখার পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, এ ছাড়া এবার নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের আশপাশে আরও ২০০ কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরা হলুদ রঙের পোশাক পরে যানজট নিয়ন্ত্রণ করবে। ইতিমধ্যে যানবাহন শাখার পুলিশ কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ দিয়েছে। কর্মকর্তারা জানান, রোজার ঈদের সময় নগরের বড় বড় বিপণিকেন্দ্রের আশপাশে যানজট তীব্র হয়। তাই ওই এলাকাগুলোতে যানবাহন শাখার পুলিশ সদস্যদের সহযোগিতা করবে কমিউনিটি পুলিশ। বিশেষ করে নগরের নিউমার্কেট, আমতলা, তামাকুমন্ডিলেন, আমীন সেন্টার, মিমি সুপার, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, চিটাগং শপিং কমপ্লেক্স, ইউনুস্কো, আখতারুজ্জামান সেন্টার, লাকী প্লাজা, ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট, বে-শপিংসহ আরও কয়েকটি বিপণিকেন্দ্রের দিকে পুলিশের নজর রয়েছে। তবে পুলিশের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও গ্রাম থেকে আসা রিকশা ও অনুমোদনহীন গাড়ি চলাচলের কারণে যানজট নিয়ন্ত্রণে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। তাঁদের আশঙ্কা, রিকশা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। আর মেয়াদোত্তীর্ণ গাড়ি বন্ধ রাখার দায়িত্ব নগর পুলিশের। জানা যায়, গত মঙ্গলবার যানবাহন শাখার উপকমিশনারের সদরঘাট সড়কের কার্যালয়ে পরিবহন মালিকদের বৈঠক হয়। বৈঠক শুরুর আগে পরিবহন মালিকেরা গ্রাম থেকে আসা রিকশা ও অনুমোদনহীন গাড়ি রাস্তায় নামানো নিয়ে সিটি করপোরেশন ও পুলিশ সার্জেন্টদের দায়ী করেন। চট্টগ্রাম সিটিবাস, মিনিবাস, হিউম্যানহলার মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল এম এম করিম প্রথম আলোকে বলেন, ‘যেভাবে স্রোতের মতো রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা গ্রাম থেকে শহরের দিকে ছুটে আসছে তাতে পুলিশের সব উদ্যোগ ভেস্তে যেতে পারে। আর সার্জেন্টরা টোকেন দিয়ে অনুমোদনহীন গাড়ি রাস্তায় নামতে দিচ্ছে। প্রতিদিন এ রকম ৭০-৭৫টি অনুমোদনহীন বাস যাত্রী ও কারখানার শ্রমিক পরিবহন করছে। এতে যানজট নিয়ন্ত্রণে রাখা নিয়ে আমাদের সংশয় আছে।’পরিবহন মালিক সংগঠনের আরও দুই নেতা প্রথম আলোকে জানান, বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কটি ভিআইপি সড়ক হিসেবে পরিচিত। এই সড়কে রিকশা চলাচল করলে যানজট বাড়ে। দেওয়ানহাট মোড় থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা বা কম গতির ঠেলাগাড়ি ও ভ্যান চলাচল নিষিদ্ধ। কিন্তু এই নিষেধ অমান্য করা হলেও এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।