ফেনীর ঈদবাজারে এখন জমজমাট বিকিকিনি চলছে। বিক্রেতাদের দম ফেলারও ফুরসত নেই। শহরের প্রতিটি বিপণিকেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। শহরের শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতান, গ্র্যান্ড হক টাওয়ার, এফ রহমান মার্কেট, জুম্মা শপিং কমপ্লেক্স, তমিজিয়া শপিং কমপ্লেক্স, গ্রিন টাওয়ার, ফেনী প্লাজা, সিটি প্লাজা, রহমান মার্কেট, জামাল মার্কেট, গুলশান মার্কেট, বনানী মার্কেট, মহিপাল প্লাজা, সমবায় সুপার মার্কেট, আলী আহম্মদ টাওয়ার, হাজি লতিফ টাওয়ার, নিউ মার্কেট ও সওদাগর পট্টিতে ক্রেতাদের ভিড় লেগেই আছে। এ ছাড়া শহরের ফুটপাতেও চলছে কেনাকাটা।বাজার ঘুরে দেখা গেছে, এবার মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় শাড়ি ও থ্রিপিস। এর মধ্যে ঝিলিক নেট থ্রিপিস দুই থেকে ১৫ হাজার টাকা, টাপুর-টুপুর থ্রিপিস তিন থেকে ১২ হাজার, খুশি থ্রিপিস আড়াই হাজার থেকে ১১ হাজার, গাদোয়াল শাড়ি পাঁচ হাজার থেকে ১৬ হাজার, মসলিনের শাড়ি পাঁচ থেকে ১৫ হাজার, টিস্যু ও নেটের শাড়ি তিন থেকে সাত হাজার, জামদানি দেড় হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শার্ট ৫০০ থেকে চার হাজার টাকা এবং পাঞ্জাবি এক হাজার থেকে আড়াই হাজার টাকায় পাওয়া যাচ্ছে।ক্রেতাদের অভিযোগ, শেষ মুহূর্তের কেনাকাটা বলে দোকানিরা পোশাকের দাম হাঁকছেন বেশি। বাধ্য হয়ে ক্রেতাদের বেশি দামে কিনতে হচ্ছে পোশাক। কারণ সময় কম। সবাই চাইছেন পবিত্র শবে কদরের আগে কেনাকাটা শেষ করতে।ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা গৃহিণী জোহরা বানু বলেন, নতুন ডিজাইনের অনেক পোশাক এসেছে। কিন্তু দাম তো বেশি। বাজেটের সঙ্গে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। দাম গত বছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি। অবশ্য বিক্রেতারা বলেন, ভালো কাপড়ের পোশাক নিতে গেলে দাম তো দিতেই হবে। তার পরও পোশাক অনুযায়ী দাম খুব বেশি না। আর শেষ মুহূর্তে এসে বেশি দাম নেওয়া হচ্ছে না। কারণ, আমরাও চাইছি পোশাক বিক্রি করে দিতে। এখন আর দাম ধরে রাখার সুযোগ নেই। পোশাকের দোকানের পাশাপাশি জুতার দোকানেও ভিড় দেখা গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে ক্রেতারা ঢুঁ মারছেন শহীদ বিপণিবিতানের লন্ডনি সু, আফসানা সু, ট্রাংক রোডে বাটা বাজার, এপেক্স গ্যালারি, মেট্রো, অটবি সুজসহ বিভিন্ন শো-রুমে। বাটা বাজারে জুতা কিনতে আসা ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা স্বর্ণা আকতার বলেন, ঈদের কাপড় কেনা শেষ। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা খুঁজছি। কিন্তু পাচ্ছি না। এদিকে প্রসাধনসামগ্রী ও গয়নার দোকানেও চলছে জমজমাট কেনাকেটা। এসব দোকানে তরুণীদের ভিড় চোখে পড়ার মতো। স্বর্ণের দাম বাড়ার কারণে মেয়েদের বিশেষ পছন্দ রুপার গয়না। আর মেহেদিতে হাত তো রাঙাতেই হবে। বিক্রেতারা জানান, এবার পাকিস্তানি মেহেদির প্রতি তরুণীদের ঝোঁক বেশি। পাকিস্তানি প্রতিটি টিউব মেহেদি ৮০ থেকে ১০০ ও দেশি টিউব মেহেদি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শহরের একমাত্র ফুটপাত রাজাঝির দীঘির পাড়ের দোকানগুলোতেও এখন ক্রেতায় ঠাসা। প্রচণ্ড ভিড় ঠেলে ক্রেতাদের কেনাকেটা করতে হচ্ছে। নিম্ন আয়ের ক্রেতারাই এখান থেকে ঈদের পোশাক কিনছেন।