বিপণিকেন্দ্রে উপচে পড়া ভিড় দাম নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপণিকেন্দ্রে পছন্দের পোশাক বাছাইয়ে ব্যস্ত নারীরা। ছবিটি গত শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের ফিরোজা শপিং কমপ্লেক্স থেকে তোলা l প্রথম আলো
বিপণিকেন্দ্রে পছন্দের পোশাক বাছাইয়ে ব্যস্ত নারীরা। ছবিটি গত শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের ফিরোজা শপিং কমপ্লেক্স থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের ঈদবাজার জমে উঠেছে। শহরের প্রতিটি বিপণিকেন্দ্রে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রিও হচ্ছে ভালো। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার রাতে শহরের এম ছালাম শপিং কমপ্লেক্স, ফিরোজা শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, সমবায় সুপার মার্কেট ও সি-কুইন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতায় ঠাসা পোশাকের দোকানগুলো। তাঁদের বেশির ভাগই নারী।
দোকানিরা জানান, শাড়ি, থ্রি–পিস, শার্ট ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে সমানে। তরুণীদের আগ্রহ হিন্দি ছবি বাজিরাও মাস্তানির পোশাকের আদলে তৈরি থ্রি–পিস। দাম পড়ছে ৪ থেকে ২০ হাজার টাকার মধ্যে। গত বছরের মতো মেঝে ছোঁয়া গাউন ও লম্বা কামিজও বিক্রি হচ্ছে বেশ। এই দুই পোশাকের দাম পড়ছে ৫ থেকে ১২ হাজার টাকা। এ ছাড়া লেহেঙ্গা ও পার্টি পোশাক বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১২ হাজার টাকায়। শাড়িও বিক্রি হচ্ছে সমান তালে। জয়পুরি সিল্ক, অপেরা কাতান, মিরপুরের বেনারসি, মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ি বিক্রি হচ্ছে ২ থেকে ১৮ হাজার টাকার মধ্যে।
শহরের ফিরোজা শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা বাহারছড়া এলাকার গৃহবধূ সাবিনা ইয়াসমিন বলেন, ‘স্কুলপড়ুয়া ছেলের জন্য একটি ভারতীয় পাঞ্জাবি পছন্দ করেছি। কিন্তু দাম চাওয়া হয়েছে আট হাজার টাকা। অথচ একই ডিজাইনের পাঞ্জাবি চট্টগ্রাম থেকে কেনা হয়েছে আড়াই হাজার টাকায়। কক্সবাজারে বেশি দামে কাপড় বিক্রি হলেও দেখার যেন কেউ নেই।’
শহরের হাসপাতাল সড়ক এলাকার ব্যবসায়ী ফজলুল করিম জানান, মধ্য ও নিম্ন–মধ্যবিত্ত পরিবারের লোকজন ঈদের কেনাকাটা করতে পারছেন না। কারণ, বাজারে আগুন। সবকিছুতে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে।
সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, রোজা শুরুর পর গ্রামগঞ্জ থেকে নারী-পুরুষেরা এসে কেনাকাটা শুরু করেছেন। তাঁরা নিজেদের জন্য ৬৫০ থেকে ৫ হাজার টাকার মধ্যে শাড়ি ও থ্রি–পিস কেনেন। ঈদ কাছাকাছি চলে আসায় শহরের লোকজন কেনাকাটায় নেমেছেন। তাঁরা পাঁচ হাজার থেকে বেশি দামের শাড়ি, লেহেঙ্গা ও থ্রি–পিস কিনছেন।
কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, ‘কিছু দোকানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাচ্ছি। ঈদবাজার কেনাকাটায় গ্রাহকসেবা নিশ্চিত এবং হয়রানি রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’