বিপণিকেন্দ্রের পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি
রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটে একটি বিপণিকেন্দ্র (মার্কেট) গড়তে ৩৩ হাজার কিলো ভোল্ট (কেভি) শক্তিসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থানান্তর করছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। আর ওই খুঁটি স্থাপন করা হয়েছে পাশের রুবেল সুপার মার্কেটের পাশঘেঁষে। এতে ক্ষুব্ধ বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা এর ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ১০ এপ্রিল মার্কেটের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ বিষয়ে অভিযোগও করেন। নিরাপদ স্থানে বিদ্যুতের খুঁটি স্থাপন করে বিপণিকেন্দ্রটিকে ঝুঁকিমুক্ত করার দাবি জানান তাঁরা। রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়ের তহসিলদার সমির বড়ুয়া জানান, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৯৭৬ সালে রোয়াজারহাটে সরকারি খাসজমির ওপর ৩৩ হাজার কেভি শক্তির বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন করে। ১৯৯১ সালে যা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে বুঝিয়ে দেয় পিডিবি।’নির্মাণাধীন বিপণিকেন্দ্রটির একটি অংশ বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন সরকারি খাসজমিতে পড়েছে বলে অভিযোগ আছে। ভবনটিতে কাজ করতে গিয়ে ২০০৭-০৮ সালে তিনজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন সাতজন নির্মাণশ্রমিক। ফলে বিপণিকেন্দ্রটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মকর্তারা নির্মাণাধীন ভবনটির মালিকের পক্ষে কাজ করেছেন। ফলে সরকারি খাসজমি থেকে খুঁটিটি সরানো হয় অবৈধভাবে।নির্মাণাধীন বিপণিকেন্দ্র ডি আর আয়েশা কমপ্লেক্সের মালিকপক্ষের প্রতিনিধি মফিজুল ইসলাম বলেন, ‘মার্কেট নির্মাণের সময় বিদ্যুতের খুঁটির ব্যাপারে তাঁরা পিডিবিকে জানিয়েছেন। কিন্তু পিডিবি বিদ্যুৎ খুঁটিটি তখন সরিয়ে নেয়নি।’ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি খাসজমিতে মার্কেটটি গড়ে তোলার বিষয়ে তৎকালীন কিছু বিভাগীয় কর্মকর্তার সম্মতি ছিল। এতে আমাদের কোনো হাত ছিল না।’পিডিবি চট্টগ্রামের উপপরিচালক সুনীল কান্তি নাথ বলেন, ‘বিদ্যুৎ খুঁটির পাশে মার্কেট তৈরির অনেক আগে বিদ্যুৎ সরবরাহ লাইনটি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এরপর কী হয়েছে তা দেখার বিষয় পিডিবির নয়।’চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয় সূত্র জানায়, ভবনে কাজ করার সময় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি নির্মাণাধীন বিপণিকেন্দ্রের মালিকদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা এখনো সুরাহা হয়নি। কিন্তু গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিদ্যুৎ খুঁটি সরানোর লিখিত আদেশ রাঙ্গুনিয়া কার্যালয়ে আসে। ফলে ৮ এপ্রিল থেকে বিদ্যুতের খুঁটি রুবেল সুপার মার্কেটের পাশে স্থাপন করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিদ্যুৎকর্মী বলেন, রুবেল সুপার মার্কেটের পাশঘেঁষে যেভাবে বিদ্যুৎ খুঁটি স্থাপন করা হচ্ছে তা বিপজ্জনক। খুঁটি থেকে বিপণিকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ তলার দূরত্ব মাত্র চার ফুট। এ অবস্থায় তৃতীয় ও চতুর্থ তলা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে যে কেউ। রুবেল সুপার মার্কেটের মালিকের ছেলে মো. রুবেল অভিযোগ করেন, তাঁদের ভবনে সোনালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শাখা রয়েছে। এ ছাড়া প্রায় দুই শতাধিক ব্যবসায়ীর দোকান রয়েছে। প্রায় সহস্রাধিক ক্রেতা প্রতিদিন কেনাকাটা করতে আসেন এখানে। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ খুঁটি স্থাপন করে তাঁর মার্কেটকে ঝুঁকির মুখে ফেলেছে। ক্রেতা-বিক্রেতারা এখন এ মার্কেটে আসা-যাওয়া করতে ভয় পাচ্ছেন।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শৈলেন্দ্র নাথ পাল এ প্রসঙ্গে বলেন, একটি বিদ্যুৎ খুঁটির জন্য নতুন করে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে হচ্ছে। প্রায় সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে এ খুঁটি স্থানান্তরের কাজ চলছে। তবে খুঁটি স্থাপনের বিকল্প কোনো স্থান নেই বলেও তিনি মত প্রকাশ করেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মার্কেটের নির্মাণকাজ করার সময় বৈদ্যুতিক খুঁটির সঞ্চালন লাইনে হতাহত হওয়ার ঘটনায় মামলা থাকলেও নিরাপত্তার স্বার্থে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হচ্ছে। নির্মাণাধীন মার্কেটের মালিকদের সঙ্গে কোনো রকম লেনদেনের কথা অস্বীকার করেন তিনি। তবে রুবেল সুপার মার্কেট ঝুঁকির মুখে পড়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, রুবেল সুপার মার্কেটের পাশঘেঁষে বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ তদন্ত করে দেখা হবে। সরকারি খাসজমির ওপর মার্কেট নির্মাণ এবং ওই মার্কেট থেকে বিদ্যুতের খুঁটি স্থানান্তরে কোনো অনিয়ম আছে কি না তা-ও খতিয়ে দেখা হবে।