বিপণিবিতানের জন্য শতবর্ষী পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর সরকারহাট বাজারের পাশে বিপণিবিতান নির্মাণের জন্য ভরাট করা হয়েছে শতবর্ষী কানুনগো পুকুর। এখন চলছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ। ছবিটি ৪ জুন সকালে তোলা l প্রথম আলো
হাটহাজারীর সরকারহাট বাজারের পাশে বিপণিবিতান নির্মাণের জন্য ভরাট করা হয়েছে শতবর্ষী কানুনগো পুকুর। এখন চলছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ। ছবিটি ৪ জুন সকালে তোলা l প্রথম আলো

হাটহাজারীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে বিপণিবিতানের জন্য ভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর। আরব প্রপার্টিজ লিমিটেড নামে একটি নির্মাণপ্রতিষ্ঠান পরিচিতি ফলক লাগিয়ে পুকুর ভরাটের কাজ করছে। এ নিয়ে স্থানীয় লোকজনের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু এখন আবার চলছে নির্মাণকাজ।
পরিবেশের ছাড়পত্র না নেওয়ার কথা স্বীকার করে পুকুরের মালিক ও নির্মাণপ্রতিষ্ঠানের কর্মকর্তা দাবি করেছেন, প্রশাসন বাধা দেওয়ার পর তাঁরা বর্তমানে কাজ বন্ধ রেখেছেন।
৪ জুন সরেজমিনে দেখা গেছে, উপজেলার সরকারহাট বাজারের কাছে ৮০ শতক জায়গায় পুকুরটির অবস্থান। পুকুর পাড়ে টানানো হয়েছে পরিচিিত ফলক। এতে লেখা ‘আরব শাহ মেগাসিটি, দোকান বিক্রয় ও বুকিং চলছে’। ভেতরে ঢুকে দেখা যায় অন্তত ২০ জন শ্রমিক পাইলিংয়ের কাজ করছেন। ইতিমধ্যে পুকরের বেশির ভাগ অংশ ভরাট করা হয়েছে।
সেখানে কর্মরত শ্রমিক মুহাম্মদ সাইদ (৩০) বলেন, ‘মালিকের নির্দেশে আমরা কাজ করছি। কেউ বাধা দেয়নি। বাধা পেলে কাজ বন্ধ করে দেব।’
স্থানীয় লোকজন জানান, এটি সবার কাছে ‘কানুনগো পুকুর’ হিসেবে পরিচিত। পুকুরের উত্তরে রয়েছে মির্জাপুর জামে মসজিদ। পূর্বে মির্জাপুর উচ্চবিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চবিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিমে বসতবাড়ি। দক্ষিণে সরকারহাট বাজার ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক।
পুকুরের পাশের রজ্জক আলী বাড়ির বাসিন্দা মোহাম্মদ শফি (৮০) বলেন, পুকুরটি শতবর্ষী। আশপাশের এলাকার একমাত্র পানির উৎস এটি। অথচ সেটিই ভরাট করা হচ্ছে। সরকারহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা মো. ওবাইদুল আকবরও জানান, জায়গাটি পুকুর শ্রেণির রেকর্ডীয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের পর দিন ট্রাকে করে মাটি ফেলে পুকুরে বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। বর্তমানে শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। স্থানীয় লোকজন লিখিতভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করলে গত ৩১ মে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে পুকুর ভরাটকাজে নিয়োজিত ট্রাকসহ বেশ কিছু লোহা জব্দ এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করা হয়। কিন্তু এতে কোনো ফল মেলেনি। পুনরায় পুরোদমে চলছে কাজ।
সরকারহাট বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (৪৮) বলেন, বাজার ও পাশের এলাকায় অগ্নিনির্বাপণের জন্য পানির একমাত্র ভরসা এই পুকরটি। এটি ভরাট করার ফলে এলাকার লোকজন ঝুঁকির মুখে পড়বে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ শাহিনুল হক বলেন, ‘এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ওই পুকুর ভরাটকাজ বন্ধ করতে একাধিকবার উপজেলা প্রশাসনে অবহিত করেছি। কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান কারও কথাই তোয়াক্কা করছে না।’
পুকুরটির ১২ জন মালিক রয়েছেন। তঁাদের একজন মো. রফিক সওদাগর দাবি করেন, প্রশাসন বাধা দেওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। পুকুরটি বাজারের ময়লা পড়ে ভরাট হয়ে গিয়েছিল। তাই মার্কেট নির্মাণের জন্য একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। পরিবেশের ছাড়পত্র প্রসঙ্গে বলেন, ‘পরিবেশের ছাড়পত্র নেওয়ার বিষয়টি প্রতিষ্ঠান দেখভাল করছে। তবে ইউনিয়ন পরিষদ মার্কেট নির্মাণের ছাড়পত্র দিয়েছিল। এখন কেন তারা বিরোধিতা করছে বুঝতে পারছি না।’
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসূন কুমার চক্রবর্তী বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করার পরও তারা ভরাট কার্যক্রম চালিয়ে যাওয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভরাটকাজে নিয়োজিত ট্রাকসহ বেশ কিছু লোহা জব্দ এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, প্রশাসন বাধা দেওয়ায় বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘দুই মাস আগে আবেদন করা হয়েছে। এখনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পাওয়ার আগে কেন কাজ শুরু করা হলো প্রশ্নের জবাবে বলেন, গ্রামে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করলে এত অসুবিধা হবে তা বুঝতে পারিনি। পাইলিংয়ের কাজে ইতিমধ্যে প্রতিষ্ঠানের অনেক টাকা ব্যয় হয়েছে।’ যেহেতু প্রশাসন বাধা দিয়েছে, মালিকের সঙ্গে কথা বলে তাঁরা আর কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি।