বিপথে গণতন্ত্রের আন্দোলন
গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বাহরাইনের জনগণের আন্দোলন মনে হচ্ছে পথভ্রষ্ট হয়ে পড়েছে। গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া গণবিক্ষোভ এখন পরিণত হয়েছে শিয়া-সুন্নি দ্বন্দ্বে। একে অন্যের বিরুদ্ধে সৌদি আরব ও ইরানের কাছ থেকে সহায়তা নিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলছে তারা। বাহরাইনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দীর্ঘদিন থেকে সুন্নিরা দেশটির ক্ষমতায় আছে। গত সপ্তাহে বাহরাইনের পার্লামেন্টের কয়েকটি আসনে উপনির্বাচন হয়। শিয়াদের প্রধান দল ওয়েফাক পার্টি নির্বাচন বয়কট করে, যা সরকারকে অস্বস্তিতে ফেলে দেয়। উপনির্বাচনে মাত্র ১৭ শতাংশ ভোট পড়ে। ওয়েফাক পার্টিই প্রধান দল, যারা পার্লামেন্টের হাতে প্রকৃত ক্ষমতা ছেড়ে দেওয়ার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। বাহরাইনের শিয়া জনগোষ্ঠী ধর্মীয় ব্যাপারে দেশটির জ্যেষ্ঠ শিয়া আধ্যাত্মিক নেতা ইসা কাসেমের সিদ্ধান্ত মেনে চলে। উম হায়দার নামের এক সুন্নি বলেন, ‘বাহরাইনের বেশির ভাগ সুন্নি এখন ভীত। কারণ সরকার তাদের দেখাচ্ছে আমাদের টান ইরানের দিকে। এ কারণে সুন্নিরা আমাদের আন্দোলনে সমর্থন দেয় না।’ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ের তরুণ শিক্ষক সৌদ। তাঁর মতে, ওয়েফাক পার্টি ও বেশির ভাগ শিয়া বাহরাইনকে একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করতে চায়। বাহরাইনে শিয়া ও সুন্নিদের এই দ্বন্দ্ব বড় সাম্প্রদায়িক সংঘাতের পথেই এগিয়ে যাচ্ছে বলে অনেকের আশঙ্কা। বেসরকারি কোম্পানির চাকুরে ইসা মোহাম্মদ বলেন,সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অনেক শিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাজা চাকরি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেও তাঁর সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। কাতারভিত্তিক গবেষণা সংস্থা রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) গবেষক মাইকেল স্টিফেনস বলেন, রাজা হামাদ বিন খলিফা শিয়া জনগোষ্ঠীর কাছ থেকে সংস্কারের চাপে রয়েছেন। আবার সুন্নিরা শিয়াদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে কঠোর অবস্থান নেওয়ার দাবি তুলেছেন। সরকার এ নিয়ে উভয় সংকটে থাকলেও সহিংসতা বন্ধে উদ্যোগ নিতেই হবে। এ জন্য রাজাকেই উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। মাহফুজার রহমান, সূত্র: রয়টার্স