যত দূর মনে পড়ে, তখন আমি প্রথম শ্রেণীর ছাত্র না হলেও খলিল ভাইয়ার সঙ্গে নিয়মিত স্কুলে যেতাম। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণীর আগে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য শিশু শ্রেণী নামের একটা শ্রেণী নির্ধারিত ছিল। সেখানে ছোট ছোট বাচ্চারা গিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা করত ও শিক্ষকদের কাছে মজার মজার গল্প শুনত। মূলত শিশুদের স্কুলগামী করার জন্য এই শ্রেণীর প্রবর্তন। আমিও মনে হয় সেই শ্রেণীর ছাত্র ছিলাম। গ্রীষ্মের এক দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আম্মু আমাকে গোসল করালেন। এরপর দুপুরে খাওয়ালেন এবং ঘুম পাড়ালেন। আম্মু আমাকে ঘুমে রেখে নিশান মামাদের পুকুরে গোসল করতে গেলেন। কিন্তু মামাদের উঠানে নানা-নানু, খালা ও মামিরা গল্প করছেন এবং আম মাখা হচ্ছে, সবাই একসঙ্গে খাবেন। আমার আম্মুও সেই আড্ডার একজন হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। ঘরে কেউ না থাকায় আমি বেরিয়ে যাই এবং বল নিয়ে উঠানে কিছুক্ষণ খেলি।খেলতে গিয়ে আমার শরীরে সামান্য কাদা লেগে যায়। আমি কাউকে কিছু না বলে নিশান মামাদের পুকুরে যাই তা পরিষ্কার করার জন্য। আম্মা তখনো আড্ডায় মগ্ন। আমি পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামলাম; পানির কাছাকাছি গিয়ে বসব এমন সময় পেছনের সিঁড়ির সঙ্গে কোমরের ধাক্কা লাগে এবং আমি পানিতে পড়ে যাই। কেউ দেখল না। নানু আম্মুকে বললেন, ‘বাড়িতে বাচ্চাদের একা রেখে এসেছো, যাও, তাড়াতাড়ি গোসল সেরে বাড়িতে যাও।’ তখন আমি পানিতে হাবুডুবু খাচ্ছি, পানির সামান্য শব্দ শুনতে পেলেও বড়রা ভাবছেন, হাঁস পানিতে ঝাপটাচ্ছে। নানু যখন আম্মুকে কড়া সুরে গোসল করে বাড়িতে যাওয়ার জন্য বললেন, আমার আম্মু তখন বিরক্ত মনে পুকুরের ঘাটে গেলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, বাড়িতে আমাকে পরানো লাল গেঞ্জির অংশবিশেষ। তারপর তিনি একটা চিৎকার দিয়ে পানিতে ঝাঁপ দেন এবং আমাকে ওপরে তুলে এনে অজ্ঞান হয়ে যান।তাঁর চিৎকার শুনে সবাই ছুটে এল। তারপর ডাক্তার এল এবং আমার চিকিৎসা শুরু হলো। আমার আম্মু অজ্ঞান হলেন এই ভেবে যে হয়তো আমি বেঁচে নেই। আবার আমাদের গ্রামে একটা কুসংস্কার আছে, পানিতে পড়া সন্তানকে মা স্পর্শ করলে সে মরে যায়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখি আমি আমার মায়ের কোলে। তাঁর দুই চোখ দিয়ে পানি পড়ছে। অনেকক্ষণ হয়ে গেল তাঁর কান্না থামে না। সবাই তাঁকে বোঝাতে লাগল যে আল্লাহর রহমতে ছেলে এখন বিপদমুক্ত। তারপর ধীরে ধীরে সবাই স্বাভাবিক হয়। আমার মা আমাকে বুকে এমনভাবে নিলেন যেন আকাশের চাঁদের চেয়েও মূল্যবান কিছু তিনি ফিরে পেয়েছেন।মো. ফখরুল ইসলামসমাজকর্ম বিভাগ, ফেনী সরকারি কলেজ